আমরা অনেকেই ট্রেন ভ্রমণ বেশ পছন্দ করি। অনেকের কাছেই ট্রেন বা রেল ভ্রমণ বেশ আনন্দের এবং বিনোদনের কেন্দ্রবিন্দুও বটে। এটি সবসময়ই রোমাঞ্চকর হয়ে থাকে। হোক সেটি দীর্ঘ বা ছোট যাত্রা। বিশ্বের কিছু দীর্ঘতম রেলপথ রয়েছে যেগুলোতে বিখ্যাত কিছু ট্রেন চলে।
বিশ্বের দীর্ঘতম কিছু রুট এবং এই রুটগুলোতে চলাচলকারী কিছু ট্রেন সম্পর্কে চলুন জেনে নিই-
বিজ্ঞাপন

ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে
বিশ্বের বৃহত্তম রেল রুটটি রাশিয়ায় অবস্থিত। এই রুটটি রাশিয়ার রাজধানী মস্কোকে পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টকের সঙ্গে সংযুক্ত করেছে। দৈর্ঘ্যের দিক থেকে এটি প্রায় ৯,২৫৯ কিলোমিটার। এই রুটের যাত্রা শেষ করতে কমপক্ষে সাত দিন সময় লাগে। এমনকি ভারতে বিখ্যাত ট্রেন বন্দে ভারতকে ১৬০ কিলোমিটার গতিতে চালানো হলেও, এই রুটের যাত্রা সম্পূর্ণ করতে প্রায় ৫৮ ঘণ্টা সময় লাগবে। শুধু তাই নয়, ৪০০ কিলোমিটার বেগে ছুটে চলা একটা বুলেট ট্রেনেরও এই রুট শেষ করতে কমপক্ষে একদিন সময় লাগবে।

বিজ্ঞাপন
টরন্টো থেকে ভ্যাঙ্কুভার
রাশিয়ার পরে আয়তনের দিক থেকে কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। আর বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম রুটটিও কানাডায় অবস্থিত। এটি টরন্টোর ভ্যাঙ্কুভারের সঙ্গে সংযুক্ত। দৈর্ঘ্যের দিক থেকে এটি প্রায় ৪,৪৬৬ কিলোমিটার। এই রুট অতিক্রম করতে প্রায় চারদিন সময় লাগে। এই রুটে চলাচলকারী ট্রেন থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। এই রুটে চলা ট্রেনের সর্বনিম্ন ভাড়া ৫২৯ ডলার।

সাংহাই থেকে লাসা
বিশ্বের তৃতীয় দীর্ঘতম এই রুটটি চীনে অবস্থিত। এটি তিব্বতের লাসের সঙ্গে সাংহাইকে সংযুক্ত করেছে। এটি দৈর্ঘ্যে প্রায় ৪,৩৭৩ কিলোমিটার। এই রুটে চলমান জেড১৬৪ নম্বর ট্রেনের যাত্রা শেষ করতে সময় লাগে ৪৬ ঘণ্টা ৪৪ মিনিট অর্থাৎ প্রায় দুই দিন। এটি প্রতিদিন রাত ৮টা ২ মিনিটে সাংহাই রেলওয়ে স্টেশন ছেড়ে যায় এবং দুই দিন পর সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে লাসায় পৌঁছায়।

সিডনি থেকে পার্থ
অস্ট্রেলিয়ার সিডনি-পার্থ রুটটি এই তালিকার চার নম্বরে রয়েছে। সিডনি থেকে পার্থের সংযোগকারী এই রুটটি ৪,৩৫২ কিলোমিটার দীর্ঘ। ইন্ডিয়ান প্যাসিফিক ট্রেন এই রুটে চলে। এই ট্রেনে যাত্রা শেষ করতে প্রায় ৪ দিন সময় লাগে। এটি ভারত মহাসাগরের উপকূল থেকে শুরু হয়ে প্রশান্ত মহাসাগরের উপকূলে পৌঁছেছে। এই রুটের চারপাশে প্রকৃতি যেন তার অপরূপ সৌন্দর্য তুলে ধরেছে। ট্রেনে বসে তা উপভোগ করা সম্ভব। এই রুটের ট্রেন পৃথিবীর দীর্ঘতম স্ট্রেচের মধ্য দিয়ে বের হয়। এই স্ট্রেচটি দৈর্ঘ্যে প্রায় ৪৭৮ কিলোমিটার। দীর্ঘ এই স্ট্রেচটি দক্ষিণ অস্ট্রেলিয়ায় অবস্থিত, যার নাম দ্য নুলারবর।

ডিব্রুগড় থেকে কন্যাকুমারী
এটি বিশ্বের পঞ্চম দীর্ঘতম রুট। এই রুট আসামের ডিব্রুগড়কে তামিলনাড়ুর কন্যাকুমারীর সঙ্গে সংযুক্ত করে। এর দৈর্ঘ্য প্রায় ৪,২৩৭ কিলোমিটার। এই রুটে বিবেক এক্সপ্রেস নামক ট্রেন চলে। যাত্রা শেষ করতে এই ট্রেনের ৭২ ঘণ্টা সময় লাগে। এই রুটে যদি ভারতের উচ্চগতির ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস চালানো হয় তাহলেও এই দূরত্ব অতিক্রম করতে প্রায় ২৬ থেকে ৩০ ঘণ্টা সময় লাগবে।
এসবিএ/এনএম




