শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘বিদ্রোহী’ কবিতার আমিত্বের সূত্রপাত যে পত্রে

ড. হাফিজ রহমান
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

‘বিদ্রোহী’ কবিতার আমিত্বের সূত্রপাত যে পত্রে
ড. হাফিজ রহমান ও কবি কাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

সপ্তদশ পর্ব
বাঙালি নানাভাবে প্রতারিত হচ্ছে। কিন্তু কিছুমাত্র-ও শিখছে না। দিচ্ছে যখন, মন-দেহ উজাড় করে দিচ্ছে। যাই হোক, কাজী নজরুল নিজেও প্রেমিক পুরুষ ছিলেন। তিনি বন্ধুদেরকে আপন মনে করতেন। কবি ছিলেন, অত্যন্ত কৃতজ্ঞ শ্রেণীর মহান মানুষ। কারণ মানুষের সাথে আর যাই যাক, অকৃতজ্ঞতা যেতে পারে না। অকৃতজ্ঞ যেই জন, সেই জন পশ্বাধম। সেই পশু অবশ্যই কুকুর ব্যতীত। কারণ পশুর মধ্যে কুকুর অত্যন্ত কৃতজ্ঞ প্রাণী। কাজী নজরুল প্রকৃত মানুষ বলেই পবিত্র গঙ্গোপাধ্যায়ের প্রতি ছিলেন- যথাযথ কৃতজ্ঞ। তাই ১৯২০ সালের মার্চে কাজী নজরুল ইসলাম করাচি থেকে কলকাতা আসেন। যুদ্ধফেরত কবি পবিত্র বাবুর সাথে সাক্ষাতে গিয়ে না পেয়ে নিম্নোক্ত চিঠিটি লেখেন-
‘পবিত্রবাবু, কাল কলকাতায় এসে পৌঁছেছি। দেখা করতে এলাম, কিন্তু বরাত খারাপ। আছি ৩২ নং কলেজ স্ট্রিটে। বাড়িটা আপনার সুপরিচিত। দেখা পাওয়ার আগ্রহে বসে থাকব।
হাবিলদার কাজী নজরুল ইসলাম’
এই ৫ চরণের চিঠিটি অল্প কথায় বিস্তর ভাবের প্রকাশ। বন্ধুত্বের অনুপম দাবি ও বন্ধুর সাথে সাক্ষাতের অসাধারণ বর্ণনা এখানে জ্বলজ্বল করছে। কবি কোলকাতায় আসার ও কোলকাতায় থাকার বিবরণ দিয়েছেন সুনির্দিষ্টভাবে। সুস্পষ্টরূপে। সাথে অন্তরের গহীন হতে ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন। ‘দেখা করতে এলাম, কিন্তু বরাত খারাপ।’ এই বাক্যের মাঝে বন্ধুর সাথে সাক্ষাত সুপ্রসন্ন ভাগ্যের ব্যাপার- এমন একটি ইংগিত লক্ষ্য করা যায়। তারও চেয়ে বেশি আবেগের প্রকাশ লক্ষ্য করা যায়, ‘দেখা পাওয়ার আগ্রহে বসে থাকব’ এই বাক্যের মাঝে। মানুষ যাকে শ্রদ্ধা-সম্মান করে, অন্তরের গহীন হতে স্নেহ করে বা ভালোবাসে তার জন্যই অপেক্ষা করে। সেই অপেক্ষায় থাকে আত্মতুষ্টি। এমনই একটি নিগূঢ়তম প্রেম এখানে দৃশ্যমান। অর্থাৎ ‘দেখা পাওয়ার আগ্রহে বসে থাকব’ কথাটির মধ্যে গভীর ভালোবাসা, আকুলতা, প্রত্যাশা ও অপেক্ষার অনুভূতি প্রকাশ পেয়েছে। প্রিয়জনের সংগে দেখা করার আকাঙ্ক্ষা মানুষের মনে এক বিশেষ আবেগ সৃষ্টি করে। সেই আকাঙ্ক্ষা পূরণের আশায় মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করতেও দ্বিধা করে না। এখানে অপেক্ষা শুধু সময় অতিবাহিত করা নয়; বরং প্রিয় মানুষটির সান্নিধ্য পাওয়ার এক বিশেষ আন্তরিক মানসিক আকুতি। দেখা হবে কি না, কখন হবে? তা অনিশ্চিত হলেও আশা ও বিশ্বাস নিয়ে অপেক্ষা করে যাওয়াই এর মূল তাৎপর্য। এই পঙ্‌ক্তিতে ভালোবাসার ধৈর্য, নিবেদন, বিরহ ও গভীর অনুভূতির সুন্দর প্রকাশ ঘটেছে।
নজরুল ইন্সস্টিটিউট থেকে প্রকাশিত ‘নজরুলের পত্রাবলী’ সংকলনে নিচের পত্রটি পবিত্র গঙ্গোপাধ্যায়কে লিখিত বলে দাবি করা হয়েছে। ছয় নম্বর পত্রের শুরুতেই একটি টীকা আছে। তা এইরূপ- [দেওঘর থেকে পবিত্র গঙ্গোপাধ্যায়কে লিখিত। ডাকঘরের সিলমোহরের তারিখ: ১৯শে ডিসেম্বর, ১৯২০। পত্রোক্ত 'আফজল' হচ্ছেন মোহাম্মদ আফজাল-উল হক এবং খাঁ হচ্ছেন আলী আকবর খান।]
১৯২০ সালের মার্চ মাসে পবিত্র বাবুকে লেখা পত্রে নজরুল আপনি সম্বোধন করেছেন। আর ডিসেম্বরেই লেখা চিঠিতে তথা নিম্নের চিঠিতে কবি পবিত্র বাবুকে তুই সম্বোধন করেছেন। বিষয়টি বেশ মজার এবং প্রশ্নবোধক। আট/ন’মাসেই এতো ভালো বন্ধুতে পরিণত হলো পবিত্র বাবু! কবি নজরুল ইন্সস্টিটিউট বলছে- পবিত্র বাবুকে যে এই চিঠিটি লেখা হয়েছে তার সিলমোহর রয়েছে। সুতরাং, বিশ্বাসযোগ্য। যদিও পবিত্র বাবুকে কবি আর কোন পত্র লিখেছেন কিনা, তা জানা যায় না। তাহলে বোঝা যেত, এই পত্রটি নজরুল কী কারণে এমন ‘ভো ভো লিভঁ মশিয়েঁ’ সম্বোধন করে কেন লিখেছিলেন? 
ফরাসি শব্দ “Voulez-vous, monsieur?” বাংলা উচ্চারণ, ‘ভো ভো লিভঁ মশিয়েঁ’। এর বাংলা অর্থ করা যায় এমন- আপনি কী চান, মশাই? বা ‘আমি আপনার জন্য কী করতে পারি, স্যার?’ অথবা হোটেল রেস্তরায় অভ্যাগতদের সাহায্যার্থে এমন প্রশ্ন করা হয়। অত্যন্ত ক্যাজুয়ালভাবে লেখা পত্রটিতে কবি নজরুল নিজেকে ‘অহম্ দানব’ হিসেবে পরিচিত করেছেন। এখানেই তার ভেতর আমিত্ববোধ জাগতে থাকে। অহংবোধ জাগতে থাকে। কিন্তু সেই আমিত্ব সাধারণ বা ব্যক্তিস্বার্থকেন্দ্রিক নয়। বরং এই আমিত্ব সর্বজনীন। বিশ্বমানবতার মুক্তির আমিত্ব। এর এক বছর পরেই ১৯২১ সালের ডিসেম্বরেই কবি ‘বিদ্রোহী’ কবিতা লেখেন, যে-কবিতায় কবি নজরুল ১৫৮ বার ‘আমি’ শব্দ ব্যবহার করেন। তবে চিঠিটি যাকেই লেখা হোক না তিনি কবি নজরুলের বন্ধু। এই পত্রের পরতে পরতে বন্ধুভাষা ফুটে উঠেছে। ফুটে উঠেছে তার রুচিবোধ ও নন্দনপ্রীতি। পত্রটিতে উল্লেখযোগ্যভাবে লক্ষণীয়, বরাবরের মতো আর্থিক দুরবস্থা ও কৃতজ্ঞতার স্ফুরণ। 
Dr. Bose's Sanatorium
Quarter no. 49
Deoghar
শুক্রবার, বিকাল

ভো ভো লিভঁ মশিয়েঁ।
গত কাল শুভ দিবা দ্বিপ্রহরে অহম্ দানবের এই দেওঘরেই আসা হয়েছে। আপাতত আসন পেতেছে ঐ উপরের ঠিকানাতে। শিমুলতলা যাওয়া হয়নি। পথের মাঝে মত বদলে গেল। পরে সমস্ত কথা জানাব। জায়গাটা মন্দ নয়। তবে এক মাসের বেশি থাকতে পারব না এখানে, কেননা এখানে খুব বেশি আনন্দ পাচ্ছি না!... ‘নারায়ণ’-এর টাকাটা দিয়েছিস অবিনাশদাকে? যদি হাতে টাকা থাকে, তবে ‘বিজলী’র দুটাকা তাদের অফিসে দিয়ে আমার ঠিকানায় কাগজ পাঠাতে বলিস।... তোর বৌ-এর খবর কি? তাঁর সংগে আমার চিঠির মারফতে আলাপ করিয়ে দিস। কালই চিঠি না পেলে কিন্তু তোদের মাঝে জোর কলহ বাধিয়ে দেব।... কান্তিবাবুকে আমার প্রীতি ভালোবাসা আর প্রণাম জানাস। তোর গল্প লিখব, একটু গুছিয়ে নিই আগে। বড্ডো শীত রে এ শা-র জায়গায়। টাকা ফুরিয়ে গেছে। আফজল কিংবা খাঁ যেন শিগগির টাকা পাঠায়। খোঁজ নিবি, আর বলবি আমার মাঝে মানুষের রক্ত আছে। আজ যদি তারা সাহায্য করে তা ব্যর্থ হবে না-আমি তা সুদে-আসলে পুরে দেবো। ইতি-
তোর পীরিত দধি-লুব্ধ মার্জার
নজর
এই পত্রটিতেও কবির ব্যক্তিজীবনের নানা দিক, জীবনসংগ্রাম, বন্ধুত্ব, আত্মমর্যাদাবোধ, অর্থনৈতিক সংকট এবং কৃতজ্ঞতাপূর্ণ মানসিকতার পরিচয় পাওয়া যায়। এর মধ্যে একজন স্বাধীনচেতা, আত্মমর্যাদাসম্পন্ন, সংবেদনশীল ও জীবনসংগ্রামী মানুষের অন্তর্জগতের পরিচয় ফুটে উঠেছে। পত্রের শুরুতে ‘ভো ভো লিভঁ মশিয়েঁ’ কথাটির মাধ্যমে নজরুল তার স্বভাবসুলভ রসিকতা ও ব্যতিক্রমী ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন। তিনি বন্ধুকে জানাচ্ছেন যে, আগের দিন দুপুরে তিনি দেওঘরে এসে পৌঁছেছেন এবং আপাতত একটি নির্দিষ্ট ঠিকানায় অবস্থান করছেন। শিমুলতলা যাওয়ার পরিকল্পনা থাকলেও পথিমধ্যে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। নতুন জায়গাটি কাছে মন্দ লাগেনি, তবে সেখানে খুব বেশি আনন্দ অনুভব করছেন না। তাই এক মাসের বেশি থাকার ইচ্ছাও নেই। এসব কথার মধ্যে নজরুলের স্বাধীনচেতা মন, ভ্রমণপিপাসা এবং জীবনের প্রতি স্বতঃস্ফূর্ত দৃষ্টিভংগির প্রকাশ ঘটেছে।
পত্রে ‘অহম্ দানব’ কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ‘অহম্’ অর্থ আমি বা আত্মসত্বা এবং ‘দানব’ অর্থ অসুরসুলভ শক্তি। এখানে শব্দবন্ধটি আক্ষরিক অর্থে কোনো দানবকে বোঝায় না। বরং নিজের প্রবল আত্মসত্বা, আত্মমর্যাদাবোধ, জেদ, অভিমান ও বিদ্রোহী মানসিকতাকে রসিকতার ছলে প্রকাশ করেছে। নজরুলের ব্যক্তিত্বে আত্মবিশ্বাস ও আত্মপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ছিলো প্রবল। তিনি কারও কাছে নিজেকে ছোট করতে চাননি। তার এই আত্মসচেতনতা কখনো রসিকতা, কখনো অভিমান, আবার কখনো বিদ্রোহের ভাষায় প্রকাশ পেয়েছে। পত্রের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও আন্তরিকতা। বন্ধুর স্ত্রীকে চিঠির মাধ্যমে পরিচিত করে দেওয়ার অনুরোধ এবং চিঠি না পেলে দুজনের মধ্যে কলহ বাধিয়ে দেওয়ার রসিকতাপূর্ণ হুমকি তার প্রাণবন্ত, মিশুক ও সহজিয়া স্বভাবের পরিচয় বহন করে। একই সংগে কান্তিবাবুকে প্রীতি, ভালোবাসা ও প্রণাম জানাতে বলেছেন। বন্ধুর গল্প লেখার প্রতিশ্রুতিও দিয়েছেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পত্রে প্রকাশিত তার কৃতজ্ঞতাবোধ। অর্থনৈতিক সংকটের কথা জানিয়ে তিনি আফজল কিংবা খাঁর মাধ্যমে দ্রুত টাকা পাঠানোর অনুরোধ করেছেন। কিন্তু সাহায্যের জন্য তার বক্তব্যের মধ্যে কোনো অসহায় আত্মসমর্পণ নেই। বরং তিনি বলেছেন, তার মধ্যে মানুষের রক্ত আছে এবং আজ কেউ তাকে সাহায্য করলে সেই সাহায্য কখনো ব্যর্থ হবে না; তিনি সুদে-আসলে তা ফিরিয়ে দেবেন। এই বক্তব্যে নজরুলের আত্মমর্যাদা, কৃতজ্ঞতা ও দায়িত্বশীলতার অসাধারণ সমন্বয় ঘটেছে। তিনি সাহায্যকে অনুগ্রহ হিসেবে গ্রহণ করলেও সেটিকে নিজের জীবনের দায় হিসেবে বিবেচনা করেছেন। তার বিশ্বাস, মানুষের বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। আর সেই সহযোগিতার মর্যাদা রক্ষা করা একজন বিবেকবান মানুষের কর্তব্য।
সুতরাং, এই পত্রে ‘অহম্ দানব’ নজরুলের আত্মমর্যাদাসম্পন্ন, স্বাধীন ও বিদ্রোহী সত্বার প্রতীক; অন্যদিকে অর্থনৈতিক সংকটের মধ্যেও সাহায্যকারীদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে মানবিক উদারতার পরিচায়ক হিসেবে। পত্রটি আমাদের শেখায়, অভাব মানুষকে ছোট করে না; বরং আত্মমর্যাদা, কৃতজ্ঞতা ও প্রতিদানের মানসিকতাই মানুষকে প্রকৃত অর্থে মহৎ করে তোলে। পত্রের শুরুর মতো শেষেও রসিকতার প্রমাণ মেলে, যখন তিনি লেখেন, ‘তোর পীরিত দধি-লুব্ধ মার্জার’। ‘তোর পীরিত দধি-লুব্ধ মার্জার’ কথাটির মধ্যে রসিকতা, ব্যঙ্গ ও বন্ধুত্বপূর্ণ খুনসুটির প্রকাশ ঘটেছে। এখানে ‘পীরিত’ অর্থ ভালোবাসা বা প্রেম, ‘দধি’ অর্থ দই, ‘লুব্ধ’ অর্থ লোভী এবং ‘মার্জার’ অর্থ বিড়াল। অর্থাৎ দইয়ের প্রতি লোভী বিড়ালের সংগে ভালোবাসার তুলনা করা হয়েছে। বিড়াল যেমন দইয়ের প্রতি আকৃষ্ট হয়ে তা পাওয়ার চেষ্টা করে, তেমনি কোনো ব্যক্তির ভালোবাসার প্রতি প্রবলভাবে আকৃষ্ট থাকার অসাধারণ তুলনা, রসিকতার সাথে ফুটিয়ে তোলার পারদর্শিতা কবিকে নজরুলমান দিয়েছে। কথাটির মাধ্যমে লেখক বন্ধুর প্রেমময় আচরণকে হাস্যরসাত্মক ভংগিতে উপস্থাপন করেছেন। এতে তার কৌতুকপ্রিয়তা, শব্দচয়ন এবং অন্তরংগ বন্ধুত্বের স্বতঃস্ফূর্ত প্রকাশ ঘটেছে। [চলবে]

লেখক: শিল্পকলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গীতিকার ও নজরুল গবেষক।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর