‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার ২০২৬’ পেয়েছেন ছয় তরুণ লেখক। সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে কাঠপেন্সিল সাহিত্য সংসদ।
পুরস্কারপ্রাপ্ত ছয়জন হলেন- কবিতায় জিয়া হক, কথাসাহিত্যে মনির বেলাল, শিশুসাহিত্যে রবিউল কমল, প্রবন্ধে খোরশেদ মুকুল, অনুবাদ সাহিত্যে মোহাম্মদ সাইফুল্লাহ এবং সম্পাদনায় তাওহীদুল ইসলাম।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক রাষ্ট্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও শিশু সাহিত্যিক জাকির আবু জাফর এবং নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন ও লেখক ও সংগঠক এমদাদুল হক চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি সীমান্ত আকরাম। এম তারিক হাসিবের উপস্থাপনায় অনুষ্ঠানে আবৃত্তি করেন কামাল মিনা ও এম সাব্বির আহমেদ এবং সংগীত পরিবেশন করেন শিল্পী তাওহীদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, ‘একটি জাতির মননশীলতা, সৃজনশীলতা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে সাহিত্যচর্চার ভূমিকা অপরিসীম। বিশেষ করে তরুণ লেখকদের হাত ধরেই সাহিত্যের নতুন দিগন্ত উন্মোচিত হয়। সাহিত্য পুরস্কারকে ব্যবসায় পরিণত না করে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘জ্ঞানবিমুখ সমাজে ফ্যাসিবাদের উত্থান হয়। লেখকরা সজাগ থাকলে ফ্যাসিবাদের উত্থান হতো না। লেখক সমাজকে সব সময় সজাগ থাকতে হয়। তাদেরকেই সমাজের মূল দায়িত্ব পালন করতে হয়।’
এএইচ



