শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

কাজী নজরুল পত্রে ‘বাংলাদেশ’ শব্দটি

ড. হাফিজ রহমান
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

কাজী নজরুল পত্রে ‘বাংলাদেশ’ শব্দটি
ড. হাফিজ রহমান ও কবি কাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ষোঢ়শ পর্ব

বন্ধুত্বের ভালোবাসা (ফিলিয়া)

বন্ধুত্বের ভালোবাসা, যা গ্রিক দর্শনে ফিলিয়া নামে পরিচিত। বন্ধুদের প্রতি স্নেহ এবং আনুগত্যকে বোঝায়। এই  ধরনের ভালোবাসা পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, বোঝাপড়া এবং অতীত স্বার্থত্যাগের অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। বন্ধুত্ব প্রণয়মূলক ভালোবাসা থেকে ভিন্ন। কারণ এতে সাধারণত প্রণয় বা শারীরিক আকর্ষণ থাকে না। পরিবর্তে, এটি সাহচর্য, মানসিক সমর্থন এবং সাধারণ আগ্রহের উপর ভিত্তি করে গড়ে ওঠে। প্রকৃত বন্ধুত্ব বিশ্বাস, সততা, উৎসাহ, আনুগত্য, মানসিক সমর্থনেরই পূর্ব শর্ত। বন্ধুরা প্রায়শই কঠিন সময়ে একে অপরকে সাহায্য করে। একজনের সাফল্য, অর্জন বা গৌরব সবাই একসাথে উদযাপন করে। এবং আকস্মিক বা দীর্ঘস্থায়ী সমস্যায় মূল্যবান পরামর্শ দেয়। নিঃস্বার্থ ও প্রকৃত বন্ধুত্ব, প্রকৃত সুখের ক্ষেত্রে কোনভাবেই অন্তরায় সৃষ্টি করে না। বন্ধুত্বকে ভালোবাসার অন্যতম বিশুদ্ধ রূপ হিসেবে অনেক দার্শনিক মনে করেন। কারণ খাঁটি বন্ধুত্ব চাওয়া-পাওয়ার পরিবর্তে পারস্পরিক বোঝাপড়া ও উপলব্ধির উপর ভিত্তি করে গড়ে ওঠে।

তাই কবি নজরুল পত্রাবলীতেও প্রেমের গুরুত্বপূর্ণ রূপ হলো বন্ধুত্ব। এখানে প্রকাশিত বন্ধুত্ব পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, আত্মত্যাগ, স্বার্থত্যাগ, উদারতা, মানবিকতায় সমুজ্জ্বল। কবি নজরুলের বন্ধুত্বের ভালোবাসা যা প্রণয়ের ভালোবাসার মতো না হলেও তা, কম নাটকীয় নয়। তদুপরি এটি অর্থপূর্ণ এবং দীর্ঘস্থায়ী। অনেকেই তার পত্রাবলীতে গভীর এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মধ্যে জীবনের অনাবিল আনন্দ খুঁজে পান। বাংলা সংস্কৃতিতে শতাব্দী জুড়ে সাহিত্য, সংগীত এবং শিল্পের মূল বিষয়বস্তু হয়ে এসেছে নজরুলীয় প্রেম। এই প্রেম আকর্ষণ, প্রশংসা এবং তীব্র আবেগ দিয়ে শুরু। তার প্রেম উত্তেজনা, আনন্দ এবং একে অপরের কাছাকাছি থাকার সুতীব্র আকাঙ্ক্ষা অনুভব করে। তবে আকংখা সু ও কু দুই ধরনেরই হতে পারে। কিছু ক্ষেত্রে কুকাংখা থাকলেও নজরুলীয় আকংখা অধিকাংশ ক্ষেত্রেই সুকাংখা। 

প্রণয়ের ভালোবাসা মাঝে মাঝে আবেগ এবং আকর্ষণের চেয়েও বেশি কিছু উপলব্ধি করায়। তবে, একটি সুস্থ প্রণয়ের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বিশ্বাস, যোগাযোগ, বোঝাপড়া এবং প্রতিশ্রুতি অপরিহার্য। শারীরিক আকর্ষণ সময়ের সাথে সাথে ম্লান হয়ে যেতে পারে। কিন্তু প্রকৃত প্রেম আত্মত্যাগ, পারস্পরিক সমর্থন এবং মানসিক ঘনিষ্ঠতার মাধ্যমে আরও শক্তিশালী হয়ে ওঠে। এমন অনেক প্রণয় বিষয়ক চমৎকার বর্ণনা নজরুল পত্রাবলীতে লক্ষ্য করা যায়। 
অপরপক্ষে, কাজী নজরুল দারুণভাবে বন্ধু বাৎসল-ও ছিলেন। তার অনেক বন্ধুর মধ্যে পবিত্র গঙ্গোপাধ্যায় অন্যতম। তার সাথে কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ সাহিত্যিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিলা। পবিত্র গঙ্গোপাধ্যায় ছিলেন নজরুলের সমসাময়িক সাহিত্যিক ও ঘনিষ্ঠ পরিচিতদের একজন। তিনি কবি নজরুলকে খুব কাছ থেকে দেখেছেন এবং তার জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে মূল্যবান স্মৃতিচারণমূলক লেখা লিখে গেছেন। পবিত্র গঙ্গোপাধ্যায়ের স্মৃতিকথা ‘চলমান জীবন’-এ নজরুলকে নিয়ে স্মৃতিময় নানা ঘটনা লিপিবদ্ধ রয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, পবিত্র গঙ্গোপাধ্যায়ের লেখার মাধ্যমে আমরা নজরুলের সাহিত্যজীবনের শুরুর দিকের অনেক তথ্য জানতে পারি। তিনি বর্ণনা করেছেন কীভাবে নজরুলের প্রতিভা সমকালীন সাহিত্যিকদের মুগ্ধ করেছিল এবং কীভাবে তার সঙ্গে বিশিষ্ট কবি-সাহিত্যিকদের পরিচয় ও সম্পর্ক গড়ে উঠেছিল। এছাড়া পবিত্র গঙ্গোপাধ্যায় নজরুলকে নিয়ে ‘ধূমকেতুর কবি নজরুল’ নামে স্মৃতিচারণধর্মী রচনাও লিখেছেন, যেখানে তিনি নজরুলের ব্যক্তিত্ব, সাহিত্যসাধনা এবং সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরেছেন। পবিত্র গঙ্গোপাধ্যায়ের সাথে নজরুলের বন্ধুত্বপূর্ণ, সাহিত্যিক এবং স্মৃতিচারণমূলক হলেও বন্ধুত্বের সূত্র মূলত লেখালেখি। নজরুলের লেখা পবিত্র গঙ্গোপাধ্যায় পত্রপত্রিকায় প্রকাশ করতেন। বস্তুত তিনি নজরুলের মেধার যথাযথ মূল্যায়ন করতে পেরেছিলেন। পক্ষান্তরে প্রমথ চৌধুরী তা পারেননি। কারণ প্রমথ চৌধুরীর মধ্যে প্রবল জ্যাত্যাভিমান ছিলো। কাজী নজরুল ইসলামের ‘আশায়’ শীর্ষক অনুবাদ-কবিতাটি ১৩২৬ (১৯১৯ খ্রি: এর ডিসেম্বর) বঙ্গাব্দের পৌষের ‘প্রবাসী’তে প্রকাশিত হয়। কবিতাটি প্রমথ চৌধুরী সম্পাদিত ‘সবুজপত্রে’ প্রকাশের জন্য করাচির সেনানিবাস থেকে কবি পাঠান। কিন্তু প্রমথ চৌধুরী কবিতাটি ‘অমনোনীত’ করলে ‘সবুজপত্রে’র তৎকালীন সহকারী পবিত্র গঙ্গোপাধ্যায় নিজের দায়িত্বে কবিতাটি ‘প্রবাসী’-র তৎকালীন সহকারী চারু বন্দ্যোপাধ্যায়কে প্রকাশের জন্য পাঠিয়ে দেন। কবিতাটি প্রবাসীতে প্রকাশিত হয়। ব্যাপক জনপ্রিয়তাও পায়। বিষয়টির একটি নাতিদীর্ঘ বর্ণনা দিয়ে পবিত্র বাবু করাচি সেনানিবাসে নজরুলকে সে খবর জানিয়ে একটি পত্র লেখেন। সেই পত্রের জবাবে নজরুল যা লিখেছিলেন, তার কিছুমাত্র অংশ পবিত্রবাবু তার ‘চলমান জীবন’ দ্বিতীয় পর্বে ছাপিয়েছেন নিম্নোক্তরূপে:
....‘প্রবাসী’তে বেরিয়েছে ‘সবুজপত্র’-এ পাঠানো কবিতা, এতে কবিতার মর্যাদা বেড়েছে কি কমেছে, তা আমি ভাবতে পারছি না। ‘সবুজপত্র’-এর নিজস্ব আভিজাত্য থাকলেও ‘প্রবাসী’র মর্যাদা একটুকুও কম নয়। প্রচার আরো বেশি। তাছাড়া আমি কবিতা লিখেছি। পারসিক কবি হাফেজের মধ্যে বাংলার সবুজ দুর্বা ও জুঁইফুলের সুবাস আর প্রিয়ার চূর্ণ কুন্তলের যে মৃদু গন্ধের সন্ধান আমি পেয়েছি, পরিপূর্ণ সমারোহ। শত শত বছর আগের পারস্যের কবি, আর কোথায় আজকের সে সবই তো খাঁটি বাংলার কথা, বাঙালি জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, আনন্দরসের সদ্য শিশির-ভেজা সবুজ বাংলা। ভারতের উত্তর-পশ্চিম প্রান্তের রূক্ষ্ম পরিবেশে মৃত্যুসমারোহের মধ্যে বসে এই যে চিরন্তন প্রেমিক-মনের সমভাব আমি চাক্ষুষ করলাম আমার ভাষায়, আমার আপনজন বাঙালিকে সেই কথা জানাবার আকুল অগ্রহই এই এক টুকরো কবিতা হয়ে ফুটে বেরিয়েছে। জানি না জুঁইফুলের মৃদু গন্ধ ও দুর্বার শ্যামলতা এর মধ্যে ফুটেছে কিনা। তবু বাঙালির সচেতন মনে মানুষের ভাবজীবনের এই একাত্মবোধ যদি জাগাতে পারে তবে নিজেকে ধন্য মনে করব। অবশ্য বাঙালির কাছে পৌঁছে দেবার ও যোগ্য বাহনে পরিবেশন করবার সম্পূর্ণ কৃতিত্ব আপনার...
‘আশায়’ কবিতাটি নিম্নরূপ-
‘নাই বা পেল নাগাল, শুধু সৌরভেরই আশে
অবুঝ, সবুজ দূর্বা যেমন জুঁই-কুড়িটির পাশে
বসেই আছে, তেমনি বিভোর থাক রে প্রিয়ার আশায়;
তার অলকের একটু সুবাস পশবে তোর এ নাসায়।
বরষ-শেষে একটি বারও প্রিয়ার হিয়ার পরশ
জাগাবে রে তোরও প্রাণে অমনি অবুঝ হরষ।’
‘সবুজ পত্র’ সাহিত্য পত্রিকা যে মানের ছিলো, তা এই লেখার লেখকের জানা নেই। তবে প্রমথ চৌধুরী যে মানের সাহিত্যিক, তাতে ধারণা করা যায়, তার সম্পাদিত ‘সবুজ পত্র’-ও সেই মানের ছিলো। তাতে কাজী নজরুলের এই ‘আশায়’ কবিতা প্রকাশযোগ্য হওয়ার মতো নয়। কারণ লেখাটি কাঁচা। এটি ছড়ার বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠলেও কাব্যগুণসম্পন্ন কবিতা হয়ে ওঠেনি। শুধু শুধু অন্তত এই ইস্যুতে ‘প্রমথ চৌধুরী’কে কসে গালাগাল করার মতো কিছুই ঘটেনি। বলাবাহুল্য, কবি নজরুল রচিত এসব কবিতা তার কৈশোরে লেখা, যা তিনি পরিপক্ক বয়সে দ্বিতীয়বার মূল্যায়ন করতে পারলে, হয়তো ‘বাতিল’ বলে ঘোষণাও করতে পারতেন।

তবে কাজী নজরুলের এই পত্রে বাংলার অপরূপ রূপ নিয়ে কবি হাফিজের যে অনিন্দ্য বর্ণনা তা কাজী নজরুলের ‘পারসিক কবি হাফেজের মধ্যে বাংলার সবুজ দুর্বা ও জুঁইফুলের সুবাস আর প্রিয়ার চূর্ণ কুন্তলের যে মৃদু গন্ধের সন্ধান আমি পেয়েছি, পরিপূর্ণ সমারোহ।’ এই বর্ণনার ভেতর অত্যুৎকৃষ্টরূপে দেদীপ্যমান। কাজী নজরুল ইসলামের দেশপ্রেম ও প্রকৃতিপ্রেম এখানে সমতালে সমমানে শতধারায় বিকশিত। বাঙালির প্রতি কবির প্রগাঢ় প্রেম, প্রকৃতির রূক্ষ্মতার মাঝেও যে অতিচিরন্তন তা কবির ভাষায় এমন- ‘এই যে চিরন্তন প্রেমিক-মনের সমভাব আমি চাক্ষুষ করলাম আমার ভাষায়, আমার আপন জন বাঙালিকে সেই কথা জানাবার আকুল অগ্রহই এই এক টুকরো কবিতা হয়ে ফুটে বেরিয়েছে। জানি না জুঁইফুলের মৃদু গন্ধ ও দুর্বার শ্যামলতা এর মধ্যে ফুটেছে কিনা’। ‘আশায়’ কবিতাটি পূর্ণাঙ্গ বৈশিষ্ট্যসম্বলিত কবিতা না হলেও, বাঙালির ভাবজীবনে মানুষের একাত্মাবোধের সেঁতুবন্ধ হবে, এই ধরনের যে স্বপ্নে বিভোর কবি, তা পরবর্তী জীবনের সাহিত্য সাধনার মধ্য দিয়ে পরিপূর্ণ প্রকাশে সক্ষম হয়েছেন, তিনি। পবিত্র গঙ্গোপাধ্যায়কে লিখিত কবি নজরুলের এই পত্রের ভাষায় ছিলো কাব্যিক বর্ণনা। কবি হাফিজের লেখার প্রতি অনুরক্ততা, ভক্তি ও শ্রদ্ধা। হাফিজের কবিতার ভাব-রস, বাংলায় নিয়ে আসা, মানুষের ভাবজগতের দার্শনিকতা উন্মোচিত হয়েছে নজরুলের অনেক লেখার মধ্য দিয়ে। এই চিঠির শেষ অংশে কবি নজরুল বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশেও কুণ্ঠিত হননি। ‘অবশ্য বাঙালির কাছে পৌঁছে দেবার ও যোগ্য বাহনে পরিবেশন করবার সম্পূর্ণ কৃতিত্ব আপনার...’
এই চিঠির জবাবে পবিত্র গঙ্গোপাধ্যায় কাজী নজরুলকে যে চিঠি লেখেন তার জবাবে নজরুল ইসলাম পুনরায় যে চিঠি লেখেন, তারই অংশবিশেষ এমন-
চুরুলিয়ার লেটুর দলের গান লিখেয়ে ছোকরা নজরুলকে কে-ই বা এক কানাকড়ি দাম দিয়েছে! স্কুল-পালানো ম্যাট্রিক পাশ-না-করা পল্টন-ফেরত বাঙালি ছেলে কী নিয়েই-বা সমাজে প্রতিষ্ঠার আশা করবে! আমার একমাত্র ভরসা মানুষের হৃদয়। হয়তো তা আগাছা বা ঘাসের মতো অঢেল খুঁজে পাওয়া যায় না। কিন্তু বাংলাদেশে তা যে দুর্লভ নয়, তার প্রমাণ আমি এই সুদূরে থেকেও পাচ্ছি। নিঃসঙ্কোচে ও নির্বিকারে প্রাণ দেওয়া-নেওয়া প্রত্যক্ষ করেছি। কিন্তু মন দেওয়া যে স্থান-কাল দূরত্বের ব্যবধান মানে না, তাও উপলব্ধি করছি।

এই পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ‘বাংলাদেশ’ শব্দটি কাজী নজরুল ইসলাম ১৯১৯ সালের ডিসেম্বর মাসের দিকে লেখা এই পত্রে ব্যবহার করেন। তারও ২ বছর পর তথা ১৯২১ সালে বঙ্গবন্ধুর জন্ম। এরও আগে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করে লেখা একটি গানে বলেন, ‘আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি/তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!’ তখন বঙ্গবন্ধুর জন্মও হয়নি। অথচ, এক সময় আমাদের দেশে এই রকম ন্যারেটিভ ছিলো যে, বাংলাদেশ নামটির প্রথম ব্যবহার করেন বঙ্গবন্ধু। প্রকৃত সত্য হলো, ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় বঙ্গবন্ধু পূর্ব বাংলার নামকরণ করেন ‘বাংলাদেশ’। তবে এই ‘বাংলাদেশ’ শব্দের স্রষ্টা তিনি নন। বরং তা রবীন্দ্রনাথ ঠাকুর। আফসোস! কবির কৃতিত্ব ছিনিয়ে নিতেও আমরা পিছপা নই। প্রসংগত: কাজী নজরুল ইসলাম বাংলাদেশ শব্দটি পরবর্তীতে তার কাব্যগানেও ব্যবহার করেছেন। আমাদের এই প্রিয় দেশের নামটিও কাজী নজরুলের কাছে ছিলো প্রাণের চেয়ে প্রিয়তম।

‘সবুজ’ পত্রে ‘আশায়’ কবিতা ছাপা না হওয়ায়, কাজী নজরুল ইসলাম মনোক্ষুণ্ন হন। তারই করুণ প্রকাশ উপরোক্ত পত্রটি। পবিত্র গঙ্গোপাধ্যায়কে লিখিত এই পত্রে তিনি মানুষের প্রেম প্রত্যাশা করেছেন। এবং বাঙালির ভেতর প্রেমিক লোকের সংখ্যা ভুরি ভুরি না হলেও একবারেই যে অপ্রতুল নয়, সেটি তিনি এই পত্রে তুলে ধরেছেন- ‘আমার একমাত্র ভরসা মানুষের হৃদয়। হয়তো তা আগাছা বা ঘাসের মতো অঢেল খুঁজে পাওয়া যায় না। কিন্তু বাংলা দেশে তা যে দুর্লভ নয়, তার প্রমাণ আমি এই সুদূরে থেকেও পাচ্ছি।’ বাঙালি যাকে দেয়, প্রাণ মন উজাড় করে দেয়। নিজে অভুক্ত থেকেও ভালোবাসার মানুষকে আহার যোগায়। কারণ, বাঙালি কঠিন বাস্তবতার ধার ধারে না। আবেগের উপর প্রবল ভর করে চলে। বাঙালি মনে করে, বাস্তবতা হলো মাটিতে হেঁটে চলা আর প্রেম হলো বাতাসের মতো আবেগের উপর ভর করে চলা। বাঙালির প্রেম তাই অসংকোচ ও অবিকার প্রকৃতির। কারণ অল্পে তুষ্ট বাঙালি সুদূর কল্পনায় অনভ্যস্থ।

গাছ থেকে আপেল পড়লে নিউটন যেখানে মহাকর্ষ-অভিকর্ষ আবিষ্কার করে, সেখানে বাঙালি হলে আপেল খেয়ে, আপেলের স্বাদ-বিস্বাদ নিয়ে বিতর্কে লিপ্ত হতো। কারণ প্রথমটি তথা আইনস্টাইনেরটা মহাসৃষ্টির নেশা ও আবিষ্কারের একাগ্রতা। অপরপক্ষে বাঙালিরটা ক্ষুধা নিবৃতি ও আবেগঘন বিবৃতি এবং ফল ভক্ষণের বাস্তবতা। তাই এখানে প্রেমের সম্পর্ক ভাঙা-গড়া অতীব সহজ। অথবা অতিশয় সহজলভ্য। কাজী নজরুল প্রত্যক্ষ করেন, বাঙালি প্রেম দেওয়া-নেওয়াতে দূরত্ব মানে না। কারণ তারা আবেগী জাতি। কাজী নজরুলের ভাষায়- ‘নিঃসঙ্কোচে ও নির্বিকারে প্রাণ দেওয়া-নেওয়া প্রত্যক্ষ করেছি। কিন্তু মন দেওয়া যে স্থান-কাল দূরত্বের ব্যবধান মানে না, তাও উপলব্ধি করছি।’ প্রেমের সীমা বা প্রেমে সীমান্ত না মানার এমন নজীর এখনো বাঙালির জীবনে অহরহ ঘটছে। যেমন- প্রায়শই পত্রপত্রিকায় দেখা যায়, মালয়েশিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানী বা ব্রাজিলসহ বিভিন্ন দেশ থেকে নারী বা পুরুষ প্রেমের কথিত আকর্ষণে বাংলাদেশে আসছে। যদিও এসব প্রেম বা বিবাহ সামাজিকভাবে স্থায়ী হচ্ছে না। [চলবে]

লেখক: শিল্পকলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গীতিকার ও নজরুল গবেষক।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর