মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

কবি আল মুজাহিদী সিসিইউতে, অবস্থা সংকটাপন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পিএম

শেয়ার করুন:

কবি আল মুজাহিদী সিসিইউতে, অবস্থা সংকটাপন্ন

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি এবং দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

কবির কন্যা পরমা জানান, কিডনি জটিলতার কারণে তার শরীরে বিপাকীয় অম্লতা (এসিডোসিস) তৈরি হয়েছে। এর প্রভাবে হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় তিনি একটি মৃদু হৃদরোগে (মাইনর হার্ট অ্যাটাক) আক্রান্ত হন। বর্তমানে তিনি কথা বলতে বা স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করতে পারছেন না। তাকে নল দিয়ে খাবার দেওয়া হচ্ছে। এছাড়া ফুসফুসে পানি জমা এবং রক্তে উচ্চমাত্রার ক্রিয়েটিনিন থাকায় চিকিৎসকরা এখনো কোনো অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে পারছেন না।


বিজ্ঞাপন


প্রায় এক বছর আগে চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকেই ৮১ বছর বয়সী এই কবি শয্যাশায়ী ছিলেন। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা ও হৃদরোগে তিনি দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। মহান মুক্তিযুদ্ধের এই কলম সৈনিকের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

কবিতা, উপন্যাস ও শিশুসাহিত্যে আল মুজাহিদীর অবদান অপরিসীম। ‘হেমলকের পেয়ালা’, ‘ধ্রুপদ ও টেরাকোটা’ এবং ‘যুদ্ধ নাস্তি’-র মতো কালজয়ী কাব্যগ্রন্থের রচয়িতা তিনি। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদকসহ দেশি-বিদেশি বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। কবির দ্রুত আরোগ্য কামনায় জাতীয়তাবাদী লেখক ফোরামসহ বিভিন্ন সাহিত্য সংগঠন বিবৃতি প্রদান করেছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর