রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ হিসেবে অন্তর্ভুক্তির দাবি সংসদ সদস্য নোমানের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পিএম

শেয়ার করুন:

আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ হিসেবে অন্তর্ভুক্তির দাবি সংসদ সদস্য নোমানের
সংসদ সদস্য সাঈদ আল নোমান

বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এ আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সংসদ সদস্য সাঈদ আল নোমান। এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর কাছে একটি ডিও (ডেমি-অফিসিয়াল) চিঠি দিয়েছেন তিনি।
 
চিঠিতে সাঈদ আল নোমান বলেন, নতুন অধ্যাদেশে শিল্পকলার বিভাগের সংখ্যা ছয়টি থেকে বাড়িয়ে নয়টি করা হলেও সেখানে আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। বিষয়টিকে তিনি দুঃখজনক ও উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে বলেন, এটি দেশের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ধারাকে অবমূল্যায়নের শামিল।
 
ডিও লেটারে নোমান বলেন, আবৃত্তি কেবল একটি শিল্পমাধ্যম নয়; এটি ভাষা, সাহিত্য ও জাতির চেতনার অন্যতম বাহক। বিশেষ করে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে আবৃত্তির ভূমিকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এ শিল্পচর্চা নতুন প্রজন্মকে মানবিক, সচেতন ও সংস্কৃতিমনস্ক করে গড়ে তুলতে সহায়ক।
 
সংসদ সদস্য নোমান বলেন, দীর্ঘদিন ধরে দেশে অসংখ্য আবৃত্তিশিল্পী ও সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আবৃত্তিকে যথাযথভাবে স্থান না দিলে এ খাতের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। ফলে শিল্পকলার সামগ্রিক বিকাশেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
 
সাঈদ আল নোমান তার চিঠিতে আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ হিসেবে পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, এটি বাস্তবায়ন করা হলে দেশের সাংস্কৃতিক পরিমণ্ডল আরও সমৃদ্ধ হবে এবং আবৃত্তি শিল্পীরা তাদের কাজের জন্য প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাবেন। এ বিষয়ে তিনি জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গেও কথা বলেছেন এবং শিল্পকলা একাডেমি অধ্যাদেশে আবৃত্তি বিভাগ অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা ও দাবি তুলে ধরেন বলে জানান। 
 
একইসঙ্গে দেশের শিল্পমাধ্যমগুলোর জনপ্রিয়তার বাস্তবতা বিবেচনায়, অধ্যাদেশে স্বতন্ত্র আবৃত্তি বিভাগ যুক্ত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান নোমান।
 
এদিকে আবৃত্তি বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ আবৃত্তিশিল্প রক্ষা কণ্ঠ’, আবৃত্তিকর্মী ও সারাদেশের আবৃত্তিপ্রেমীরা সংসদ সদস্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
 
‘বাংলাদেশ আবৃত্তিশিল্প রক্ষা কণ্ঠ’ প্ল্যাটফর্মটির পক্ষ থেকে বলা হয়, আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করার এই দাবি বাস্তবায়িত হলে দেশের আবৃত্তিচর্চা নতুন গতি পাবে। এতে একদিকে যেমন নতুন শিল্পীরা উৎসাহিত হবেন, অন্যদিকে দেশের সাহিত্য ও সংস্কৃতির ধারাবাহিকতা আরও শক্তিশালী হবে।
 
আবৃত্তিশিল্প সংশ্লিষ্টরা বলেন, দীর্ঘদিন ধরে আবৃত্তিশিল্পীরা এ দাবিটি জানিয়ে আসছিলেন। সংসদ সদস্যের এই উদ্যোগ সেই দাবিকে প্রাতিষ্ঠানিকভাবে তুলে ধরেছে, যা সংশ্লিষ্টদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
 
সংশ্লিষ্টরা আশা করছেন, সরকার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাংগঠনিক কাঠামোয় আবৃত্তিকে যথাযথ মর্যাদা দিয়ে স্বতন্ত্র বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেবে।
 
ইএইচ/ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর