শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বইমেলায় প্রথম শিশুপ্রহর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ এএম

শেয়ার করুন:

বইমেলায় প্রথম শিশুপ্রহর

বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলার আজ দ্বিতীয় দিন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই মেলা প্রাঙ্গণে থাকছে বিশেষ আয়োজন। বেলা ১১টায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে বইমেলার দুয়ার, আর বেলা ১টা পর্যন্ত চলবে শিশুদের জন্য নির্ধারিত ‘শিশুপ্রহর’।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে এ সময় শিশু-কিশোরদের জন্য থাকছে নানা আকর্ষণীয় আয়োজন। নতুন বইয়ের ঘ্রাণ আর রঙিন মলাটের মোহে ছোট পাঠকদের চোখে থাকবে উচ্ছ্বাস। অভিভাবকদের হাত ধরে আসা শিশুদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে উঠবে মেলার মাঠ। সোহরাওয়ার্দী উদ্যান অংশের শিশুচত্বরে ৬৩টি প্রতিষ্ঠানের ১০৭টি ইউনিটে শিশুদের জন্য সাজানো হয়েছে নতুন বইয়ের পসরা।


বিজ্ঞাপন


জানা গেছে, প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘শিশুপ্রহর’ পালন করা হবে। অমর একুশে উদযাপনের অংশ হিসেবে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতারও আয়োজন রাখা হয়েছে, যা ছোটদের সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখবে।

এবারের বইমেলা নানা সমীকরণে কিছুটা সংক্ষিপ্ত—মোট ১৮ দিনের আয়োজন। রমজান মাসের কারণে দর্শনার্থী উপস্থিতি ও বই বিক্রি নিয়ে শুরুতে দুশ্চিন্তা থাকলেও প্রথম দিনের বেচাকেনায় আশার আলো দেখছেন প্রকাশকরা। যদিও এখনও প্রায় ৪০ শতাংশ স্টলের কাজ পুরোপুরি শেষ হয়নি।

প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। তবে ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে বাঙালির এই প্রাণের উৎসব।

এছাড়া নানা আয়োজন থাকবে আজ। বেলা ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ: ফরিদা পারভীন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মোহাম্মদ রোমেল। আলোচনায় অংশ নেবেন ড. আবু ইসহাক হোসেন। সভাপতিত্ব করবেন লেখক ও কলামিস্ট ফরহাদ মজহার। বিকাল ৪টায় রয়েছে সাংস্কৃতিক আয়োজন।


বিজ্ঞাপন


এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘অমর একুশে বইমেলা ২০২৬’ উদ্বোধন করেন। এবারের মেলার প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নীতাই রায় চৌধুরী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

এসএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর