শুরু হচ্ছে বাংলা একাডেমি আয়োজিত চলতি বছরের ‘অমর একুশে বইমেলা’। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাংলা একাডেমি। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মেলা পরিদর্শন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
বইমেলা উদ্বোধনীতে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
এএইচ

