বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি, লাগবে না স্টল ভাড়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম

শেয়ার করুন:

বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি, লাগবে না স্টল ভাড়া
প্রকাশকদের সঙ্গে মতবিনিময় সভায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: সংগৃহীত

আবারও পিছিয়েছে অমর একুশে বইমেলা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের মেলা। চলবে ১৫ মার্চ পর্যন্ত। এ ছাড়া প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি এ তথ্য জানিয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে প্রকাশক ও একাডেমি কর্তৃপক্ষের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।


বিজ্ঞাপন


বাংলা একাডেমি জানায়, আসন্ন অমর একুশে বইমেলা আয়োজন নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংস্কৃতিমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও প্রকাশক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বইমেলা-সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। পরে প্রকাশকদের বিভিন্ন দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, অমর একুশে বইমেলা ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে। যেসব প্রকাশক আগে স্টল বরাদ্দ নেননি, তাঁরা আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। একই দিন সন্ধ্যা ৬টায় স্টল বরাদ্দ দেওয়া হবে।

দেশের উদ্ভূত পরিস্থিতিতে এবার মেলা ২০ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী বাংলা একাডেমি প্রস্তুতিও নিয়েছিল। তবে প্রকাশকদের একটি অংশ মেলা পিছিয়ে পবিত্র ঈদুল ফিতরের পর আয়োজনের দাবি জানায়। তারা পবিত্র রমজান মাসে মেলায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এ পরিপ্রেক্ষিতে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে বইমেলার নতুন তারিখ ঘোষণা করা হলো।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর