images

স্পোর্টস / ক্রিকেট

হৃদয়-মিরাজের বিদায়ের পর শেষ ঝড়ে বাংলাদেশের ভরসা মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক

০৯ জুন ২০২৬, ০২:৩৬ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে একসময় শক্ত ভিত গড়ে দিয়েও মাঝের ওভারে ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। তবে সংকটের সেই সময়ে ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলে দলকে আবার লড়াইয়ে ফিরিয়েছেন মোসাদ্দেক হোসেন। তাওহীদ হৃদয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে রান তোলার গতি ধরে রাখেন তিনি। হৃদয়-মিরাজ ফিরলেও শেষ দিকে বড় সংগ্রহের আশা এখন মোসাদ্দেকের কাঁধে।

৪২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ২১৭ রান। ৪৯ বলে ফিফটি পূর্ণ করেন মোসাদ্দেক হোসেন। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কার মার। ফিফটির আগে ও পরে সমান আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে তিনি দলের রানকে এগিয়ে নিয়ে যান।

এর আগে বাংলাদেশের ইনিংসের ভিত গড়ে দেন ওপেনার তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনেই অর্ধশতক তুলে অস্ট্রেলিয়ার বোলারদের চাপে ফেলেছিলেন। তামিম ৪৪ বলে ৫৪ রান করেন, যেখানে ছিল সাতটি চার ও একটি ছক্কা। অন্যদিকে শান্ত ৮৬ বলে ৬৭ রানের ইনিংস খেলেন, যাতে ছিল নয়টি চার ও একটি ছক্কার মার।

বাংলাদেশের শুরুটা অবশ্য সুখকর ছিল না। ইনিংসের দ্বিতীয় ওভারেই ৫ রান করে ফিরে যান সাইফ হাসান। তবে এরপর তামিম ও শান্তর জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। দ্বিতীয় উইকেটে তাদের গুরুত্বপূর্ণ জুটি দলকে শতকের কাছাকাছি পৌঁছে দেয়।

তামিম আউট হওয়ার পর দ্রুত ফিরে যান লিটন দাসও। এতে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। পরে শান্তও ৬৭ রান করে সাজঘরে ফিরলে ম্যাচের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার দিকে হেলে যেতে শুরু করে।

সেই মুহূর্তে তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেনের জুটি আবার ইনিংসে প্রাণ ফেরায়। হৃদয় ধৈর্য ধরে ৫১ বলে ৩১ রান করেন। তবে জেভিয়ার বার্টলেটের ধীরগতির বলে মিড-অফ অঞ্চলে ক্যাচ দিয়ে তিনি আউট হলে ভাঙে পঞ্চম উইকেটের জুটি।

হৃদয়ের বিদায়ের পর ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ। শেষ দিকে দ্রুত রান তোলার দায়িত্বে বেশিক্ষন স্থায়ী হতে পারেননি মিরাজ। ফলে হাতে থাকা ওভারগুলোর কাজে লাগাতে টাইগারদের বড় রানের জন্য দায়িত্ব বেড়েছে মোসাদ্দেকের।