স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২৬, ০২:৩৭ পিএম
ব্রাজিল জাতীয় দলে যোগ দেওয়ার ঠিক আগের রাতে ঘরের মাঠে হাজির হয়েছিলেন নেইমার জুনিয়র। সান্তোসের হয়ে ভিলা বেলমিরো স্টেডিয়ামে দেপোর্তিভো কুয়েনকার বিপক্ষে ম্যাচ দেখতে গ্যালারিতে বসেন তিনি। তার সঙ্গে ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো।
ম্যাচে সান্তোস ৩-০ গোলে জয়লাভ করে কোপা সুদামেরিকানার প্লে-অফে উঠেছে। ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হন নেইমার। ডান পায়ের কাফ মাসলে চোট নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে কিছুটা বিরক্ত ও চ্যালেঞ্জিং ভঙ্গিতে জবাব দেন ব্রাজিলের এই সুপারস্টার।
'আমার কাফ মাসল পুরোপুরি ঠিক আছে!'- বলতে বলতে নিজের পায়ের দিকে ইশারা করে তিনি আরও বলেন, 'এই তো, এখানে। পুরো আস্ত আছে!'
বিশ্বকাপের আগে এই চোট কোনো সমস্যা তৈরি করবে কি না, এমন প্রশ্নে আরও একটু রেগে গিয়ে নেইমার পাল্টা প্রশ্ন করেন, 'সমস্যা? কিসের সমস্যা?'
তবে নেইমারের এই আত্মবিশ্বাসের পেছনে মেডিকেল রিপোর্টও সায় দিচ্ছে। সান্তোস ক্লাবের তথ্য অনুসারে, তার কাফ মাসলের ফোলা মাত্র ২ মিলিমিটারেরও কম। এটি গ্রেড-২ ইনজুরি, যা সাধারণত ১০ দিনের বিশ্রামে সেরে যায়। কুরিটিবার বিপক্ষে ম্যাচের পর গত ২৬ মে নেইমারের ১০ দিন পূর্ণ হয়েছে। গত এক সপ্তাহ তিনি মাঠে অনুশীলন করেননি, শুধু ফিজিওথেরাপি নিয়েছেন।
সান্তোসের কোচ কুকা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, 'নেইমার দিন দিন আরও ভালো হয়ে উঠছে। আগামীকালই সে জাতীয় দলে যোগ দিচ্ছে। এখানে সে যতটা চিকিৎসা নিয়েছে, বাকি সামান্য অংশ জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে শেষ হবে।'