স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৬, ১১:৫৯ এএম
আলভারো আরবেলোয়া ও ডেভিড আলাবার বিদায়ী ঘোষণার রেশ কাটতে না কাটতেই মাঠের ফুটবলে পর্দা নামল স্প্যানিশ লা লিগার ২০২৫-২৬ মৌসুমের। সান্তিয়াগো বার্নাব্যুতে আবেগঘন রাতে অ্যাথলেটিক বিলবাওকে ৪-২ ব্যবধানে হারিয়ে ট্রফিশূন্য ও হতাশাজনক এক মৌসুম অন্তত জয়ের মাধ্যমে শেষ করল রিয়াল মাদ্রিদ। এটিই ছিল রিয়ালের অন্তর্বর্তীকালীন কোচ আলভারো আরবেলোয়ার ডাগআউটে শেষ ম্যাচ।
মাদ্রিদের ঘরের মাঠে এই ম্যাচটি মূলত রূপ নিয়েছিল ক্লাব ইতিহাসের অন্যতম সফল রাইট-ব্যাক দানি কারভাহালের বিদায়ী মঞ্চে। রিয়ালের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে রেকর্ড ২৭টি ট্রফি জেতা ৩৪ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার নিজের শেষ ম্যাচেও দেখিয়েছেন চেনা জাদু। তার চোখ ধাঁধানো পাস থেকেই গোল করে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন তরুণ গনজালো গার্সিয়া।
এরপর জুড বেলিংহামের দারুণ গোল এবং বক্সের বাইরে থেকে লিগের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপের ২৫তম স্ট্রাইকে জয় নিশ্চিত করে রিয়াল। শেষ দিকে অন্য গোলটি করেন ব্রাহিম দিয়াজ। ম্যাচের ৮০ মিনিটে যখন কারভাহালকে তুলে নেওয়া হয়, তখন রিয়াল ও বিলবাও- উভয় দলের খেলোয়াড়রা মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই কিংবদন্তিকে ‘গার্ড অব অনার’ দেন। অশ্রুসিক্ত চোখে কারভাহাল বলেন, "আমি গর্বিত যে আমি একজন মাদ্রিদিস্তা। ভালো-মন্দ সব সময় পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ। আশা করি রিয়াল জার্সির জন্য আমার সবকিছু উজাড় করে দেওয়ার লড়াইকে আপনারা মনে রাখবেন।"
অন্যদিকে, রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী এবং এবারের লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা তাদের শেষ ম্যাচে ধাক্কা খেয়েছে। ক্লাবের হয়ে নিজের শেষ ম্যাচ খেলতে নামা পোলিশ গোলমেশিন রবার্ট লেভানডোভস্কি বার্সাকে এগিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। জাভি গুয়েরা, লুইস রিওজা এবং গুইদো রদ্রিগেজের দুর্দান্ত পারফরম্যান্সে বার্সেলোনাকে ৩-১ ব্যবধানে হারিয়ে মৌসুম শেষ করেছে ভালেন্সিয়া।
লা লিগার সবচেয়ে বড় ট্র্যাজেডির শিকার হয়েছে কাতালান ক্লাব জিরোনা। ২০২৪ সালে লা লিগায় রূপকথার ফুটবল খেলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া দলটি মাত্র এক মরশুমের ব্যবধানে স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় বিভাগে নেমে গেছে। টিকে থাকার বাঁচা-মরার লড়াইয়ে এলচের সাথে ১-১ গোলে ড্র করে রেলিগেশন নিশ্চিত হয় তাদের।
ম্যাচের পর জিরোনা কোচ মিশেল সানচেজ হতাশা ব্যক্ত করে বলেন, "ফুটবল মাঝে মাঝে নিষ্ঠুরভাবে আঘাত করে। এটা আমাদের পুরো ক্লাবের জন্য এক চরম ধাক্কা।" জিরোনার সাথে সমান ৪২ পয়েন্ট পেয়েও হেড-টু-হেড সমীকরণে লেভান্তে ও ওসাসুনা প্রথম বিভাগে টিকে গেলেও কপাল পুড়েছে ৩-০ ব্যবধানে জেতা মায়োর্কার। সমান পয়েন্ট নিয়েও মায়োর্কাকে চোখের জলে লিগ ছাড়তে হয়েছে।
এদিকে লিগের বাকি সমীকরণে সেভিয়াকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থেকে আগামী মরশুমের উয়েফা ইউরোপা লিগ নিশ্চিত করেছে সেল্টা ভিগো। আর ওসাসুনাকে একই ব্যবধানে হারিয়ে সপ্তম স্থানে থেকে কনফারেন্স লিগের টিকিট কেটেছে গেটাফে। আজ রবিবার লা লিগার একদম শেষ ফিক্সচারে টেবিলের তৃতীয় স্থান দখলের লড়াইয়ে মুখোমুখি হবে ভিয়ারিয়াল এবং আতলেতিকো মাদ্রিদ।