ধর্ম ডেস্ক
২৪ মে ২০২৬, ০৫:৩১ পিএম
আগামী ২৬ মে (৯ জিলহজ) আরাফাতের ঐতিহাসিক ময়দানে হজের মূল খুতবা দেবেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি। সৌদি বাদশাহর অনুমোদনে এই দায়িত্ব পাওয়া শায়খ মুসলিম বিশ্বে পরিচিত তাঁর সুললিত তেলাওয়াত ও দীর্ঘ ইমামতির জন্য। ১৯৭৯ সাল থেকে একটানা মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবের মক্কা প্রদেশে জন্মগ্রহণ করেন শায়খ আলী আল-হুদাইফি। তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামিক ইউনিভার্সিটি থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইনে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
১৯৮১ সালের রমজানে মসজিদুল হারামেও তারাবির নামাজে ইমামতি করেন তিনি। এ ছাড়া ১৯৮৭ সালে কিছু সময়ের জন্য কুবা মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
সুললিত, হৃদয়গ্রাহী ও শুদ্ধ কোরআন তেলাওয়াতের জন্য শায়খ আলী আল-হুদাইফি মুসলিম বিশ্বে অত্যন্ত সমাদৃত। তাঁর কণ্ঠে তেলাওয়াত ও খুতবা বিশ্বের কোটি কোটি মুসলমান নিয়মিত অনুসরণ করেন।
পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস জানান, সৌদি বাদশাহ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় শায়খ আলী আল-হুদাইফিকে আরাফার খুতবা ও নামাজের ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছে।
শরিয়তের বিধান অনুযায়ী, ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল রুকন। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আছরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন। এরপর মুজদালিফা হয়ে মিনায় ফিরে হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তাঁরা।
এমআর