images

রাজনীতি

অনিরাপদ ঈদযাত্রা নিয়ে এবি পার্টির উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

২৪ মে ২০২৬, ০৩:৩৩ পিএম

বিচারহীনতার সংস্কৃতি, রাজনৈতিক সহিংসতা, অনিরাপদ ঈদযাত্রা এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অনিয়ম থেকে বেরিয়ে আসতে রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি বলেছে, অপরাধ, সহিংসতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে দেশে নতুন নতুন ‘রামিসা ঘটনার’ পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব হবে না।

আজ রোববার (২৪ মে) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

ফুয়াদ বলেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর আহ্বানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর রামিসার বাসায় গিয়ে সমবেদনা জানানোর ঘটনায় দল কৃতজ্ঞ। তবে দেশজুড়ে মানুষের ক্ষোভ ও উদ্বেগ কমছে না। কারণ, বিচারহীনতার যে কাঠামোগত সংস্কৃতি রাষ্ট্রে গড়ে উঠেছে, তাতে জনগণ আর আশ্বস্ত হতে পারছে না।

এবি পার্টি সাধারণ সম্পাদকের মতে, ধর্ষণ, হত্যা, মাদক ও চাঁদাবাজির মতো অপরাধগুলো পরস্পর-সম্পর্কযুক্ত। এসব অপরাধের রাজনৈতিক ও সামাজিক ভিত্তি ভাঙতে না পারলে দেশে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে গেলে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি। খুলনা, চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন ঘটনায় তার প্রতিফলন ইতোমধ্যে দেখা গেছে বলে মন্তব্য করেন এবি পার্টির এই নেতা।

সংবাদ সম্মেলনে ঝিনাইদহে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। এবি পার্টি বলেছে, রাজনৈতিক মতপার্থক্য কখনোই হামলা বা রক্তাক্ত সংঘর্ষের পর্যায়ে যেতে পারে না। ভিন্নমত সহ্য করতে না পারা রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করা হয়।

দলটি আরও বলেছে, বিরোধী দলের সমালোচনা গ্রহণ করার মানসিকতা সরকারের থাকতে হবে। একইসঙ্গে রাজনৈতিক সমালোচনার ভাষায় সংযম, ভদ্রতা ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয় সব পক্ষের প্রতি।

ঈদকে সামনে রেখে সড়ক ও গণপরিবহন ব্যবস্থার দুর্বলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ফুয়াদ। তিনি বলেন, প্রতি বছর ঈদযাত্রায় শত শত মানুষ প্রাণ হারান, হাজারো মানুষ আহত হন। স্বাধীনতার পাঁচ দশক পরও নিরাপদ ও মানবিক পরিবহনব্যবস্থা নিশ্চিত করতে না পারা রাষ্ট্রের ব্যর্থতা।

কোরবানির পশুর হাট, জবাই প্রক্রিয়া ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের দাবিও জানায় এবি পার্টি। সংবাদ সম্মেলনে বলা হয়, পরিকল্পনাহীন পশু জবাই ও বর্জ্য অপসারণের কারণে প্রতি বছর পরিবেশদূষণ, জনদুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। ইসলামের পরিচ্ছন্নতার চেতনাকে ধারণ করে আধুনিক ও পরিবেশবান্ধব কোরবানি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার ও সিটি করপোরেশনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা ও শাহাদাতুল্লাহ টুটুল, শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, সহসাংগঠনিক সম্পাদক শাজাহান ব্যাপারী, সহকারী দফতর সম্পাদক আব্দুল হালিম নান্নু, সিলেট মহানগরের সদস্যসচিব রেজাউল করিম শোয়েব, নারী নেত্রী জাহানারা আক্তার মনি, কেন্দ্রীয় নেতা সাব্বির আহমেদ তানিম, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক মিয়া সুলতান আরিফ এবং বরিশাল জেলার নেতা জাকির হোসাইন।

এমআর/ক.ম