images

জাতীয়

যাত্রাবাড়ীতে বাসে ১৬ হাজার ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন ২০২৬, ০৭:৪০ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ মো. বাবুল হোসেন ওরফে বাবু নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ডিএনসির ভাষ্য, তিনি যশোর অঞ্চলের একজন পরিচিত মাদককারবারি।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ।

মোস্তাক আহমেদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ঢাকার কেরানীগঞ্জের আঁটি এলাকার বাসিন্দা বাবুল হোসেন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে যশোরসহ দেশের দক্ষিণাঞ্চলে ইয়াবা পাচার করে আসছিলেন। মঙ্গলবার তিনি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি যাত্রীবাহী বাসে করে যশোরের উদ্দেশে রওনা দেন।

এ তথ্যের ভিত্তিতে মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে ডিএনসির একটি দল যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় গোলচত্বর এলাকায় অবস্থান নেয়। পরে যশোরগামী লিটন ট্রাভেলসের একটি দূরপাল্লার বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সাধারণ যাত্রীর ছদ্মবেশে থাকা বাবুল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে স্কচটেপ ও টিস্যুতে মোড়ানো অবস্থায় ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদককারবারে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

ডিএনসির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বাবুল হোসেন মাদক পাচারের একটি নেটওয়ার্কের বিষয়ে তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার চালান প্রথমে কেরানীগঞ্জে আনা হতো। পরে সেখান থেকে বাসে করে যশোরে নেওয়া হতো।

ডিএনসির কর্মকর্তারা জানান, বর্তমানে যশোরে বসবাসের সুবাদে বাবুল হোসেন যশোর, খুলনা, রংপুর, বরিশাল ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন মাদককারবারির কাছে পাইকারি দরে ইয়াবা সরবরাহ করতেন। এর আগে তিনি এ ধরনের একাধিক চালান পাচারের কথাও স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে।

এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে ডিএনসি। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে বলেও সংস্থাটি জানিয়েছে।

একেএস/এআর