জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯ জুন ২০২৬, ০৩:২১ পিএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিজস্ব মালিকানাধীন মার্কেটগুলোর আশপাশে হকারদের বসতে না দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সৌন্দর্য বর্ধনের দায়িত্ব মার্কেট কমিটিকে দিয়েছেন প্রশাসক আবদুস সালাম।
মঙ্গলবার (৯ জুন) ডিএসসিসি নগর ভবন অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় এই দায়িত্ব দেন তিনি।
মার্কেট কমিটির নেতাদের উদ্দেশে প্রশাসক আবদুস সালাম বলেন, ‘মার্কেটগুলো আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আপনারা বসে মার্কেটের ময়লা ফেলার জন্য একটা নির্দিষ্ট জায়গা তৈরি করেন। সিটি করপোরেশনের কর্মীরা সেখান থেকে ময়লা নিয়ে যাবে।’
তিনি বলেন, মার্কেটের সামনের রোড ডিভাইডারের সৌন্দর্য বর্ধনের দায়িত্বও আপনাদের নিতে হবে। সেখানে গাছ লাগাতে পারেন। মার্কেটের আশপাশ রাস্তাগুলোর সৌন্দর্য বর্ধনের দায়িত্বও নেবেন।
এসময় মার্কেট এলাকায় যেসব হকার বসে তাদের নিয়ন্ত্রণের দায়িত্বও মার্কেট কর্তৃপক্ষকে দেন প্রশাসক। তিনি বলেন, অবৈধভাবে যারা বসে তাদের আপনারা বসতে দেবেন না।
এসময় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আপনারা হকারদের বসতে না দিলে তারা বসে কি করে? আপনাদেরই মার্কেটের আশপাশের (হকারমুক্ত রাখার) দায়িত্ব নিতে হবে।
মার্কেট কমিটির নেতাদের উদ্দেশে প্রশাসক আরও বলেন, মার্কেটের অবৈধ দোকান সরানোর দায়িত্ব আপনাদের। আপনারা দায়িত্ব নেন। আইনগত সহযোগিতা দেবে সিটি করপোরেশন।
ইজারার মেয়াদ শেষ হলে মার্কেটের টয়লেটগুলো মার্কেট কমিটির নিয়ন্ত্রণে দেওয়া হবে বলেও জানান আবদুস সালাম।
তিনি বলেন, ‘টয়লেট ইজারা কেন দিয়েছে আমি জানি না। ইজারা মেয়াদ শেষ হলে আপনারা দায়িত্ব নেবেন।’
এসময় বিদুৎ সাশ্রয় ও ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন প্রশাসক।
তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, কোনো ভাবে যেন ব্যবসায়ীরা হয়রানির শিকার না হয়, সেই নির্দেশনা আমি দিয়েছি।
সভায় ঢাকা দক্ষিণ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, মার্কেটের সামনে পেছনে যেখানেই হোক। আপনারা হকারদের ম্যাসেজ দেবেন, যেন কোনভাবেই ময়লা না করে। প্রয়োজনে তারা যেন নিজস্ব ব্যবস্থা যেমন বস্তা ব্যবহার করেন ময়লা ফেলার জন্য।
ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার বলেন, মার্কেটগুলোর আশপাশে যত্রতত্র ময়লা পড়ে থাকে। আগামীকাল আমাদের লোক যাবে, আপনারা জায়গা নির্ধারণ করে দেবেন। আপনারা যেখানে বলবেন, সেখানে থেকেই ময়লা নিয়ে যাওয়া হবে। তবে যত্রতত্র ময়লা ফেলা যাবে না। এ ব্যাপারে আপনারা আমাদের সহযোগীতা করবেন।
এএম/এমআই