images

লাইফস্টাইল

রাত বাড়লেই কেন মাথায় নানা চিন্তা আসে?

লাইফস্টাইল ডেস্ক

২৪ মে ২০২৬, ০৪:৫৪ পিএম

রাত যত গভীর হয় চিন্তা তত নিকটে আসে। এমন ব্যাপার অনেকের ক্ষেত্রেই ঘটে। সারাদিন যেমন-তেমন, রাত হলে রাজ্যের চিন্তা মাথায় উঁকি দেয়। ক্যারিয়ার, লাভ লাইফ, প্রাক্তন, হারিয়ে যাওয়া বন্ধু, পরিবারের প্রতি দায়িত্ব— হাজারও কথা মনে পড়ে। মুহূর্তেই মন ভারী হয়ে যায়। দুশ্চিন্তা বাড়তে থাকে। আর এর জেরেই মধ্যরাতে হঠাৎ করে মন অস্থির হয়ে ওঠে। 

মনোরোগ বিশেষজ্ঞদের মতে, আজকার এই প্রবণতা ক্রমশ বাড়ছে। কিন্তু কেন? রাত বাড়লেই কেন মাথায় নানা দুশ্চিন্তা গিজগিজ করে? চলুন বিস্তারিত জেনে নিই-

tension_3 

বিশেষজ্ঞদের মতে রাতে উদ্বেগ বাড়ার সঙ্গে দিন-রাতের সরাসরি কোনো সম্পর্ক নেই। বরং একে সারাদিনের জমা স্ট্রেস, ইমোশনাল ব্যাগেজের ফল বলা যেতে পারে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত ডিজিটাল তথ্য, স্ট্রেস এবং অবিরাম মানসিক সক্রিয়তা।

শরীরের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়া আর মনের বিশ্রাম দুটো এক নয়। শরীর ক্লান্ত হলেও অনেক সময় পূর্ণ গতিতে কাজ করতে থাকে। সারাদিনের কাজের চাপ, দীর্ঘসময়ের স্ক্রিন টাইম, অফিসের স্ট্রেস, মানুষের সঙ্গে কথাবার্তা এগুলো শরীরকে ক্লান্ত করে দেয়। এই ক্লান্তিতে ঘুম আসলেও, মন যে সবসময় শান্ত হয় তা নয়। বরং সেসময় মাথার মধ্যে নানা ভাবনা চলতে থাকে। সারাদিনের ঘটনা নিয়ে জল্পনা-কল্পনা করতে ব্যস্ত থাকে মন। 

tension_1

এমনটা কেন হয়? 

বিশেষজ্ঞদের মতে, আধুনিক জীবনধারায় আমরা এমনভাবে অভ্যস্ত হয়ে পড়েছি যে মস্তিষ্ক প্রকৃত বিশ্রামের সুযোগ পায় না বললেই চলে। মানুষ এক কাজ শেষ করে দ্রুত অন্য কাজ শুরু করে আর দিনের শেষে বিশ্রাম নেওয়ার বদলে ফোন স্ক্রল করে সময় কাটান। কিন্তু মস্তিষ্কের যথেষ্ট বিরতির প্রয়োজন হয়। আধুনিক জীবনধারা যে সুযোগ খুব কমই দেয়। ফলে রাতের সময়টাই অনেকের কাছে হয়ে ওঠে দিনের প্রথম শান্ত মুহূর্ত। তখন মানুষ নিজের সঙ্গে একটু একান্তে সময় কাটানোর সুযোগ পান। তাই তার দমিয়ে রাখা চিন্তাগুলো ধীরে ধীরে সামনে আসতে শুরু করে। ফলে অনেকেই হঠাৎ করে উদ্বেগ, মানসিক অস্থিরতা বা অজানা অস্বস্তি অনুভব করেন।

মনোরোগ বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি চাপ স্নায়ুতন্ত্রকে এক ধরনের সতর্ক অবস্থায় রেখে দেয়। এমনকি দিনের ছোট ছোট স্ট্রেসও শরীরকে পুরোপুরি শিথিল হতে দেয় না। এমনক্ষেত্রে মস্তিষ্ক কখনো কখনো সাধারণ বিষয়কেও জরুরি সঙ্কেত হিসেবে ভাবতে শুরু করে। ফলে ছোট ছোট বিষয়কেও বিপদ ভেবে ভুল করে বসে। এর জেরে অযথা উদ্বেগ তৈরি হয়।

tension_2

এই সমস্যা থেকে মুক্তি মিলবে কী করে? 

বিশেষজ্ঞদের মতে, কেবল ঘুমানোর রুটিন ঠিক করলেই রাতের উদ্বেগ পুরোপুরি কমানো সম্ভব নয়। সারাদিনের কিছুটা সময় যদি সত্যিই মানসিক বিরতি নেওয়া সম্ভব হয়, তাহলেই কেবল রাতের এই অস্থিরতা কমানো সম্ভব। তাই দিনেই ছোট ছোট বিরতি নেওয়ার চেষ্টা করুন। 

সেসঙ্গে স্ক্রিনটাইম কমানো, নিঃশব্দে একান্তে কিছুটা সময় কাটানো বা সচেতন ভাবেই খানিকটা সময় বিশ্রাম নেওয়া জরুরি। এতে মনের ওপর থেকে চাপ কমবে। তবে এসবেও যদি মুক্তি না মেলে, তাহলে মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন।

এনএম