নিজস্ব প্রতিবেদক
০৯ জুন ২০২৬, ০৮:৩১ পিএম
আগামী দুই কর্মদিবসের মধ্যে শিশু রামিসা হত্যা মামলায় হাইকোর্টের পেপার বুক তৈরির কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) নথি মঙ্গলবার বিকেলে হাইকোর্টে পৌঁছানোর পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের এ কথা বলেন। হাইকোর্টে ডেথ রেফারেন্স শুনানির আগে পেপার বুক তৈরি করতে হয়।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি আশা করছি আগামী দুই কর্মদিবসের মধ্যে এই মামলায় হাইকোর্টে পেপার বুক তৈরির কাজটি সম্পন্ন হবে। পেপার বুক হয়ে গেলে প্রধান বিচারপতি আগামী রোববার থেকে যে বিশেষ বেঞ্চের কথা বলেছেন, সে বেঞ্চেই আমরা রামিসার মামলাটি শুনানির জন্য উদ্যোগ গ্রহণ করব এবং হয়তো আমরা মামলাটি শুনানির জন্য তালিকায় আনতে পারব।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, মানুষের প্রত্যাশা যত দ্রুত সম্ভব এই রায়টি বাস্তবায়ন হোক। আমাদের পক্ষ থেকে সুস্পষ্ট কথা হলো, আমরা এই মামলার শুনানিতে কোনো বিলম্ব ঘটাব না। আমরা একদিনের জন্যও শুনানি মুলতবি চাইব না। আমরা আগেই জানিয়েছি, অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে এই মামলাটি শুনানির জন্য আইনজীবী নির্ধারণ করা হয়েছে। আমরা প্রত্যাশা করি, যত দ্রুত সম্ভব আপিল নিষ্পত্তির মাধ্যমে এই মামলার রায় কার্যকরের দিকে এগিয়ে যাবে।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গত ৭ জুন মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। পাশাপাশি সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করেন আদালত।
আরও পড়ুন: রামিসা ধর্ষণ ও হত্যায় সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড
গত ১৯ মে পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। এর আগেই ফ্ল্যাটটির বাসিন্দা সোহেল শৌচাগারের গ্রিল কেটে পালিয়ে যান। পরে ওই বাসা থেকে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।
গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত ১ জুন সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এরপর চার্জগঠন, সাক্ষ্য গ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে গত ৪ জুন রায় ঘোষণার জন্য ৭ জুন দিন ধার্য করা হয়।
এআর