আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন ২০২৬, ০৯:০৩ এএম
যুদ্ধের অবসান ঘটানো এবং স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠা করাই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনার মধ্যেই এমন মন্তব্য করলেন ইরানের পার্লামেন্টের স্পিকার।
বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার লক্ষ্য যুদ্ধের অবসান ঘটানো এবং স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা। তবে এ আলোচনার উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নয়।
পোস্টে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বা সংলাপ কোনোটিই চায় না মন্তব্য করে ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য উভয় পক্ষের সম্মত বিষয়গুলোর সঙ্গে সাংঘর্ষিক। এতে বোঝা যায়, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বা সংলাপ-কোনোটিই চায় না।
গালিবাফ আরো বলেন, ‘ইরানি জাতির অধিকার রক্ষায় আমাদের দৃঢ় জবাব দিতে হয়েছে। মহান আল্লাহর রহমতে আমাদের সশস্ত্র বাহিনী কর্তৃত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছে।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের যৌথ আক্রমণের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। জবাবে ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। কুয়েত ও বাহরাইন ছাড়াও সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে হামলার ঘটনা ঘটেছে।
পাল্টাপাল্টি হামলার মধ্যে গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। এরপর দুই পক্ষের মধ্যে স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা চলার মধ্যেই আবার সংঘর্ষে জড়ায় ইরান ও ইসরায়েল।
গত রোববার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার মধ্যেই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর পরপরই ইরানের ভেতরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে ইসরায়েল।
নতুন করে উত্তেজনার ছড়ানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে সামরিক হামলা আপাতত বন্ধ রাখার ঘোষণা দেয়।
এমআর