images

আন্তর্জাতিক

ঈদুল আজহার তারিখ ঘোষণা ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মে ২০২৬, ০৯:২০ পিএম

মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। আগামী ২৭ মে (বুধবার) দেশ দুটিতে কোরবানির ঈদ উদযাপিত হবে। আগামীকাল সোমবার (১৮ মে) থেকে শুরু হচ্ছে হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ।

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া এবারের ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন শেষে দেশটির কর্তৃপক্ষ জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।

আরও পড়ুন: সর্ববৃহৎ মুসলিম দেশে ঈদের তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?

এদিকে খালি চোখে চাঁদ দেখা ছাড়াই ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক। দেশটি জ্যোতির্বিজ্ঞানভিত্তিক গণনা ও বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ওপর নির্ভর করে পূর্বনির্ধারিত ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে-কে জিলহজের প্রথম দিন এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। সাধারণভাবে ইসলামি নীতি অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়।

এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে রোববার (১৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। চাঁদ দেখা গেলে এসব দেশেও আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। সূত্র: আন্তারা ও গালফ নিউজ।

এআর