বিনোদন ডেস্ক
০৯ জুন ২০২৬, ০২:২৬ পিএম
সোশ্যাল মিডিয়া যেন ব্যক্তিগত সুখ ও শোক প্রকাশের উপযুক্ত মাধ্যম। বিনোদন দুনিয়ার তারকারাও ব্যতিক্রম নন। এই যেমন লাইভে এসে কাঁদতে কাদতে কুকুর হত্যার কথা জানালেন বলিউড অভিনেত্রী মঞ্জরী ফডনিস। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ফেসবুকে এক ভিডিও বার্তায় অভিনেত্রী জানান, তাদের আবাসনের কুকুর মাইকিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ সময় তিনি পশুদের বিরুদ্ধে নিষ্ঠুরতা দমনে কঠোর আইন প্রণয়নের দাবি তোলেন।
শুরুতে মঞ্জরী জানান, ভিডিওটি তিনি করতে চাননি। কিন্তু কুকুরটির প্রতি নিষ্ঠুরতার বিষয়টি জানানোর প্রয়োজন বলে সামনে এসেছেন। মঞ্জরী জানান, সারমেয়টিকে তার মালিক ছেড়ে যাওয়ার পর তিনিই দেখাশোনা করতেন। ভবনের অন্যরাও খোঁজ নিতেন বলে জানান।
ভিডিওতে মঞ্জরী কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘মাইকি বিশ্রাম নিচ্ছিল। সে সময় লাঠি দিয়ে মাইকির মাথায় আঘাত করা হয়। মাইকি অসুস্থ হয়ে পড়ে। রক্তাক্ত কুকুরটিকে টেনে নিয়ে যাওয়া হয় একটি সিঁড়ির কাছে। সেখানে আবারও তাকে মারধর করা হয়।’
অভিনেত্রীর দাবি, এতটাই নির্মমভাবে তাকে আঘাত করা হয় যে তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। যন্ত্রণায় কুঁকড়ে যায় মাইকি। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী।
তাঁর কথায়, ‘এখনও আমরা মাইকিকে খুঁজে পাইনি। জানি না মাইকি বেঁচে আছে নাকি মরে গিয়েছে।’ অভিনেত্রী জানান, দেহ খুঁজে বের করার চেষ্টা চলছে। যে বা যারা এই ঘটনা ঘটাল, তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি তার।
ভিডিওর পাশাপাশি একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন মঞ্জরী। যেখানে জানিয়েছেন মাইকির ন্যায়বিচার নিশ্চিত করতে লড়াই চালিয়ে যাবেন তিনি।