বিনোদন ডেস্ক
০৯ জুন ২০২৬, ১২:৩৯ পিএম
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’-এর প্রথম সিজনে মলয় চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন মোস্তাফিজুর নূর ইমরান। তবে সিরিজটির দ্বিতীয় সিজনে তাঁর অনুপস্থিতি ভক্তদের মনে বড়সড় প্রশ্নের জন্ম দিয়েছিল। দীর্ঘদিনের সেই কৌতুহলের অবসান ঘটিয়ে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ‘মহানগর’-এর দ্বিতীয় সিজনেও তাঁর অভিনয় করার কথা ছিল। তবে প্রযোজনা দলের অপেশাদার আচরণ ও কাজের পদ্ধতিতে অসন্তুষ্ট হয়ে শেষ পর্যন্ত প্রজেক্টটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
ইমরানের ভাষ্য, “মহানগর ২’ আমার করার কথা ছিল। আমিও দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম যে এটা করবো। কিন্তু শুরু থেকেই আমি টিমকে বলছিলাম, শুটিংয়ে যাওয়ার আগে আমাকে স্ক্রিপ্ট দিতে হবে। প্রথম সিজনেও আমাকে কোনো স্ক্রিপ্ট দেওয়া হয়নি। কিন্তু দ্বিতীয় সিজনে আমার চরিত্রের গ্রাফ কোথায় যাচ্ছে, সেটা তো জানা জরুরী ছিল।”
তিনি অভিযোগ করেন, বারবার স্ক্রিপ্ট চাইলেও সেটি তাঁকে দেওয়া হয়নি। একইসঙ্গে শুটিংয়ের জন্য বারবার ডেট নেওয়া হলেও তা বাতিল করা হচ্ছিল। ইমরান বলেন, ‘আমার কাছ থেকে বারবার শুটিংয়ের ডেট নেওয়া হচ্ছিল, আবার ক্যানসেলও করা হচ্ছিল। ডেট নেওয়ার ধরনটাও ছিল টেলিভিশন নাটকের মতো। বিষয়গুলো আমার ভালো লাগছিল না। আমি সম্মান দিতে পছন্দ করি, যেখানে সম্মান পাই না, সেখানে থাকি না। এটা আমার একেবারেই ব্যক্তিগত বোঝাপড়া নিজের সাথে। আমি এটা বুঝতে পারি।’
সাক্ষাৎকারে মোস্তাফিজুর নূর ইমরান জানান, শুরুতে তাঁর চরিত্রের জন্য ১৫ দিনের শুটিং শিডিউল ধরা হয়েছিল। পরে তা কমে ১০ দিন, তারপর ৫ দিন এবং শেষ পর্যন্ত মাত্র ৩ দিনে এনে ঠেকানো হয়। অথচ এত কিছুর পরও তিনি নিজের স্ক্রিপ্ট সম্পর্কে স্পষ্ট কোনো ধারণাই পাননি। অভিনেতার কথায়, “আমি জানি না কী হচ্ছে, শুধু ফোন আসে আর বলা হয়—‘আপনাকে কিন্তু এবার অনেক বাইক চালাতে হবে।’ পুরো বিষয়টাই আমার কাছে প্রপার অ্যাপ্রোচ মনে হয়নি।”

ইমরান আরও জানান, ‘মহানগর ২’-এর জন্য তিনি চুক্তি অনুযায়ী অগ্রিম পারিশ্রমিকও নিয়েছিলেন। কিন্তু শুটিং শুরু হওয়ার মাত্র একদিন আগে তিনি জানতে পারেন যে নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে এবং ঢাকার বাইরে শুটিং হবে। টিমের এমন অপেশাদার আচরণে ক্ষুব্ধ হয়ে অভিনেতা বলেন, ‘আমাকে যদি এতটুকু বেসিক ইনফরমেশন দেওয়ার প্রয়োজনীয়তা কোনো টিম মনে না করে, তাহলে সেই টিমের সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা আমিও মনে করি না। সেই মুহূর্তেই আমি কাজটি না করার সিদ্ধান্ত নিই। পরের দিনই এডভান্স টাকা ফেরত দিয়ে দিই।’
এ সময় ‘মহানগর ২’-এ তাঁর চরিত্রটি না থাকার বিষয়ে পরিচালক আশফাক নিপুণের দেওয়া পুরোনো একটি ব্যাখ্যাকে সরাসরি প্রশ্নবিদ্ধ ও মিথ্যা বলে দাবি করেন ইমরান। পরিচালকের বক্তব্যকে চ্যালেঞ্জ করে তিনি তাঁর নিজের ভাষায় বলেন, ‘পরে এক সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, গল্পের প্রয়োজনে দ্বিতীয় সিজনে মলয় চরিত্রটি নেই। কিন্তু এটা সত্য নয়। আপনি সত্য বলেন না কেন? আমি শিল্পের চর্চা করবো, কিন্তু সততার চর্চা করবো না—সেটা হতে পারে না।’

ইমরানকে সবশেষ দেখা গেছে কোরবানি ঈদে মুক্তি প্রাপ্ত ‘রইদ’ সিনেমায়। এতে তার বিপরীতি অভিনয় করেছেন নাজিফা তুষি। এছাড়া আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ।
ইএইচ/