images

বিনোদন

মাধুরীর সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সুরেশ 

বিনোদন ডেস্ক

০৯ জুন ২০২৬, ১০:৪২ এএম

বলিউড পাড়ায় বহু বছর ধরে আলোচিত ঘটনা জনপ্রিয় গায়ক সুরেশ ওয়াদকর নাকি একসময় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কারণ গায়কের চোখে মাধুরী বেশি রোগা ছিলেন! দীর্ঘ সময় ধরে চলা মুখরোচক জল্পনা নিয়ে অবশেষে মুখ খুলেছেন সুরেশ। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়ক স্পষ্ট ভাষায় জানান, মাধুরীর পরিবারের পক্ষ থেকে তাঁর কাছে সরাসরি বিয়ের প্রস্তাব কখনোই আসেনি।

বিষয়টি নিয়ে কিছুটা রসিকতার ছলে সুরেশ বলেন, হায় ঈশ্বর, ‘ওই মাধুরীর গুজবটা! একদিন মাধুরীর জন্য আমার অবশিষ্ট থাকা কয়েকটা চুলও পড়ে যাবে। ইন্ডাস্ট্রিতে মাধুরী আমার ভালো বন্ধু এবং সহকর্মী। আমি ওঁকে খুব পছন্দ করি। এই দুষ্টুমিটা অর্চনা পুরান সিংয়ের কাজ, ও আমার বোনের মতো। আমাকে খুব ভালোবাসে। আমি জানি না ও এটা কোথা থেকে শুনেছিল। একবার টেলিভিশনে মাধুরীর সঙ্গে আমার বিয়ের কথা উল্লেখ করেছিল। তারপর থেকে, প্রত্যেক সাক্ষাৎকারে আমাকে এ প্রশ্নটা করা হয়।’

সাক্ষাৎকারে সুরেশকে জিজ্ঞেস করা হয়েছিল, গুঞ্জনটি নিয়ে কখনও মাধুরীর সঙ্গে তাঁর কথা হয়েছে কি না। জবাবে তিনি জানান, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়টি নিয়ে মাধুরীর সাথে তাঁর কখনও কোনো আলোচনা হয়নি।

সুরেশ বলেন, ‘সেই সময় এমন কিছু হলেও হয়ে থাকতে পারে। সম্ভবত ওঁর বাবা কোনো খোঁজ খবর নিয়েছিলেন। সব সময় বলা হয় যে সুরেশ ওঁকে প্রত্যাখ্যান করেছিলেন কারণ উনি রোগা ছিলেন। সে সময় আমার ছবি দেখলে বোঝা যাবে আমিও কত রোগা ছিলাম। আর আমার কাছে প্রস্তাব না এলে আমি কীভাবে প্রত্যাখ্যান করব? তাছাড়া ততদিনে পদ্মা আমার জীবনে এসে গিয়েছিল। ও আমার ছাত্রী ছিল।’

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৭ অক্টোবর লস অ্যাঞ্জেলেসের হৃৎপিণ্ড ও রক্তনালীর সার্জন শ্রীরাম নেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাধুরী। 

মাধুরীকে সম্প্রতি নেটফ্লিক্সের কমেডি-থ্রিলার ‘মা বেহেন’-এ দেখা গেছে। তাঁর সহশিল্পী হিসেবে ছিলেন তৃপ্তি দিমরি, ধরনা দুর্গা এবং রবি কিষাণ। ছবিটি পরিচালনা করেছেন সুরেশ ত্রিবেণী। 

ইএইচ/