ঢাকা মেইল ডেস্ক
০৯ জুন ২০২৬, ১০:৩৩ পিএম
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছে ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২২-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ—যেটি আগে হবে—সেই সময় পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনবোধে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এদিকে নিয়োগটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। কারণ, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয়ে সাধারণত বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ শিক্ষকদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার প্রচলন থাকলেও ড. ছবিরুল ইসলাম ভাষা ও সাহিত্যভিত্তিক বিষয়ে অধ্যাপনা করেন। তবে বিশ্ববিদ্যালয়টির আইনে উপাচার্য হিসেবে বিজ্ঞান বিষয়ের শিক্ষাবিদ হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। আইনের ১০(১) ধারায় কেবল ‘স্বনামধন্য একজন শিক্ষাবিদ’ নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ড. ছবিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি দীর্ঘদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে অধ্যাপনা করেছেন এবং বিভাগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
প্রতিনিধি/ক.ম