নিজস্ব প্রতিবেদক
০৯ জুন ২০২৬, ০৮:৫৩ পিএম
২০২৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার মৌখিক, ব্যবহারিক ও মাঠকর্ম পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ জুন থেকে ৯ জুলাইয়ের মধ্যে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জরুরি বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কলেজ, বিভাগীয় প্রধান ও পরীক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নম্বরপত্র ও পরীক্ষকদের বিল বিবরণী অনলাইনে এন্ট্রি করে ম্যানুয়াল কপি সংশ্লিষ্ট শাখায় পাঠাতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক, ব্যবহারিক ও মাঠকর্ম পরীক্ষার বহিঃপরীক্ষকের নাম কলেজ লগইন ও এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্ট কলেজ এবং পরীক্ষকদের জানানো হবে। বহিঃপরীক্ষকের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করতে হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই পরীক্ষা সম্পন্ন করতে হবে। কোনো বহিঃপরীক্ষক দায়িত্ব পালন করতে অপারগ হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনক্রমে পরীক্ষক পরিবর্তনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পরীক্ষার্থীদের নম্বরপত্র ও হাজিরাপত্র মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। পরীক্ষা শেষে বহিঃপরীক্ষকের উপস্থিতিতে কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে নম্বর এন্ট্রি ও প্রেরণ করতে হবে। নম্বর পাঠানোর আগে তথ্য সঠিকভাবে যাচাই করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ ছাড়া অনলাইনে নম্বর প্রেরণের পর নম্বরপত্রের প্রিন্ট কপি সংগ্রহ করে বহিঃ ও অন্তঃপরীক্ষকের স্বাক্ষর গ্রহণ করতে হবে। মূল নম্বরপত্র, টপশিট ও হাজিরাপত্র নির্ধারিত খামে সংরক্ষণ করে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ে পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তালিকাভুক্ত নয় এমন কোনো পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করা যাবে না। পাশাপাশি কলেজের পাসওয়ার্ডের গোপনীয়তা নিশ্চিত করা এবং অনলাইন ও ম্যানুয়াল নম্বরপত্রের তথ্যের মধ্যে কোনো ধরনের গরমিল না থাকার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে। মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় ফরম বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
এম/এআর