images

শিক্ষা

ইউজিসির সদস্য পদ ছাড়লেন ড. তানজিমুদ্দিন

নিজস্ব প্রতিবেদক

২৪ মে ২০২৬, ১২:৫৩ পিএম

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খানের পদত্যাগপত্র গ্রহণ করেছে সরকার। 

একই সঙ্গে তাকে ইউজিসির সদস্য পদ থেকে অব্যাহতি দিয়ে আগের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব মো. নেছার উদ্দিন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খানের দাখিল করা পদত্যাগপত্র সরকার গ্রহণ করেছে এবং ২১ মে ২০২৬ থেকে তার পদত্যাগ কার্যকর বলে গণ্য হবে।

এর আগে গত ২৩ এপ্রিল তিনি ইউজিসির চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই অধ্যাপককে ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। দায়িত্ব পালনকালে তিনি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ ইউজিসির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শাখার দায়িত্বে ছিলেন।

ইউজিসি সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সংস্থাটির অধীন পরিচালিত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পে সমন্বয়কের দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। প্রকল্পটির স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দাতা সংস্থা বিশ্বব্যাংক। 

সম্প্রতি বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বৈঠকে হিট প্রকল্পের অনিয়মের বিষয়টি তুলে ধরার পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আলোচনা শুরু হয়। এর মধ্যেই তিনি পদত্যাগের আবেদন করেন।

এম/এআরএম