নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২৬, ১১:১৫ এএম
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক ডিনও ছিলেন।
শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭-এর ১১(১) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এর মধ্যে অবসরে যাওয়ার নির্ধারিত সময় চলে এলে সেই তারিখ পর্যন্তই তিনি দায়িত্ব পালন করতে পারবেন।
নিয়োগের শর্তে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
এছাড়া প্রয়োজন হলে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এম/এএস