জেলা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৩ পিএম
নেত্রকোনার কেন্দুয়ায় একটি ইঞ্জিনচালিত ট্রলি উল্টে শাকিল (২৩) নামে এক চালক নিহত হয়েছেন।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের ভঙ্গানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
শাকিল জামালপুর সদরের নামা কচুন্দরা এলাকার ইমান আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, চালক শাকিল তার কাঠবোঝাই ইঞ্জিনচালিত ট্রলিটি নিয়ে রাতে জামালপুর থেকে কেন্দুয়া উপজেলা সদরের দিকে আসছিলেন। পথে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে শাকিল কাঠের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় কাঠের নিচে চাপা পড়া মরদেহটি উদ্ধার করে।
নিহতের লাশ আপাতত থানায় রাখা হয়েছে। তার স্বজনদের উপস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ওসি।
টিবি