images

সারাদেশ

পাহাড়ে সেনাবাহিনীর সহযোগিতায় দৃষ্টিশক্তি ফিরে পেলেন ৮৪ জন

জেলা প্রতিনিধি

১০ জুন ২০২৬, ১২:৫০ এএম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সহায়তায় চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন মহালছড়ি উপজেলার দুর্গম এলাকার ৮৪ জন অসহায় হতদরিদ্র মানুষ। খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সহায়তায় দুর্গম বিভিন্ন এলাকায় বিনামূল্যে চক্ষুসেবা শিবির পরিচালনা করছে সেনাবাহিনী।

খাগড়াছড়ি রিজিয়ন জানায়, দীঘিনালা ও মহালছড়ি জোন পৃথক পৃথকভাবে চক্ষু চিকিৎসা শিবিরের মাধ্যমে ২ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে। ইতোমধ্যে দেড় শতাধিক রোগীকে চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে সফলভাবে চখের ছানি অপরারেশন করানো হয়েছে।

রোগীরা জানায়, বেশ কয়েক বছর ধরে তারা আর্থিক সমস্যার কারণে চোখের অপারেশন করতে পারেননি। আজকে মহালছড়ি সেনা জোনের সহায়তায় বিনামূল্যে চোখের অপারেশন করতে পেরেছেন। চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। তাই মহালছড়ি সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। 

খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনের মেডিকেল অফিসার মো. বোরহান উদ্দিন বায়েজিদ বলেন, মহালছড়ি সেনা জোনের উদ্যোগে চক্ষু ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চক্ষু সেবা প্রধান করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় ৮৪ জন পাহাড়ের হতদরিদ্র মানুষের চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে চট্টগ্রামে নিয়ে সফলভাবে চোখের অপারেশন করা হয়। তাদের সফল অপারেশনে রোগীদের হাসিমুখে ফিরতে দেখে মনে হচ্ছে আমরাও সফল হয়েছি।

Hill2

খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা বলেন, প্রত্যন্ত অঞ্চলের সেনাবাহিনী দীর্ঘদিন ধরে দরিদ্র মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছে। এবারের দুটি চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে খাগড়াছড়ি রিজিয়ন ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিয়েছেন। আমরা আশা করি, পাহাড়ে তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

২৯৮নং খাগড়াছড়ি  আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, খাগড়াছড়ির দুর্গম এলাকায় বসবাসরত সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা ও দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। যেসব এলাকায় সাধারণ মানুষ পৌঁছাতে পারে না সেখানে সেনাবাহিনী চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন যা সত্যিই প্রশংসনীয়।

প্রতিনিধি/জেবি