জেলা প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ১০:১৪ পিএম
হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর মাগুরা জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার হয়েছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র মীর শহিদুল ইসলাম বাবু (৫২)।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে ডিটেনশন মামলা নং-০১/২৫-এ জামিনের পর তিনি জেলা কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পর জেলগেট থেকেই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও মাগুরা সদর থানা পুলিশের যৌথ টিম তাকে পুনরায় আটক করে।
মো. শহিদুল ইসলাম বাবু ওরফে বাবু মীর মাগুরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মীরপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মীর নুরুল হোসেনের ছেলে। রাজনৈতিক জীবনে তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। তিনি মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক এজিএসও ছিলেন।
জেলগেট থেকে পুনরায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, ৫ আগস্ট-পরবর্তী একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে কোন মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রতিনিধি/এআর