জেলা প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ১০:০৩ পিএম
নেত্রকোনা সদরে ছেলের শাবলের আঘাতে আবুনি রাজভর ওরফে রুকশি আক্তার (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন।
নিহত আবুনি রাজভর ওই এলাকার বাসিন্দা শ্যামলাল রাজভরের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম শ্যামল রাজভর (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা সদরের চল্লিশা ইউনিয়ন পরিষদের বিপরীত পাশে মগরা নদীর তীরে একটি টিনশেড ঘরে বসবাস করতেন আবুনি রাজভর। তার ছেলে শ্যামল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হওয়ার পর মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত ছিলেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শ্যামল তার মায়ের কাছে ভাত খেতে চান। এসময় কিছুক্ষণ অপেক্ষা করতে বললে শ্যামল ক্ষিপ্ত হয়ে মাকে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে ঘরে থাকা একটি লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে আবুনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান। এসময় শ্যামলকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস