জেলা প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ০৯:০৮ পিএম
বরগুনার আমতলীতে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৯০০ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন আমতলী পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খোন্তাকাটা বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আমতলী পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান ওরফে জনি গাজী এবং সুজন হাওলাদার।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই কমল চন্দ্র দে ও এএসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল খোন্তাকাটা বটতলা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে তাদের কাছ থেকে ১ হাজার ৯০০ ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা বলে ধারণা করছে পুলিশ।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, মাদক, ইভটিজিং, চাঁদাবাজি, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হবে।
প্রতিনিধি/এসএস