জেলা প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ০৮:৩৪ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে অশ্লীল কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ায় বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) মো. গোলাম রসুল ওরফে রফিকুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার দিনগত গভীর রাতে উপজেলার বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে কচুয়া থানা পুলিশ।
গ্রেফতার গোলাম রসুল বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের চতুর্থ শ্রেণির কর্মচারী। কচুয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাঞ্চল্যকর শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে মো. গোলাম রসুল ওরফে রফিকুল নিজ ফেসবুকে অশ্লীল কুরুচিপূর্ণ একটি পোস্ট দেয়। বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হওয়ায় গোলাম রসুলকে সোমবার দিবাগত গভীর রাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।
তিন আরো জানান, গোলাম রসুলকে মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতে পাঠালে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
প্রতিনিধি/এসএস