জেলা প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ০৫:০০ পিএম
মাদারীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। এতে একটি বসতঘরসহ ৩টি ঘর ও একটি গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে গৃহকর্তাসহ দগ্ধ হয়েছেন দুইজন।
মঙ্গলবার (৯ জুন) সকালে কালকিনি উপজেলার রমজানপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকালে ওই এলাকার রেজাউল করিম হাওলাদারের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলে ব্যর্থ হয়। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে একটি বসতঘরসহ ৩টি ঘর ও একটি গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে। অন্য গবাদি পশুকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাড়ির মালিক রেজাউল করিম হাওলাদারসহ একজন পথচারী দগ্ধ হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে অজ্ঞাত ওই পথচারীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুরের কালকিনি ফায়ার সার্ভিসের লিডার মহিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি গবাদি পশু দগ্ধ হয়েছে। বসতঘরসহ তিনটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিনিধি/এসএস