জেলা প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ০৪:৩৫ পিএম
নাটোর সদর হাসপাতালে অসুস্থ মেয়েকে চিকিৎসা করাতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক মা। এ ঘটনায় পুলিশ হাসপাতালে আউটসোর্সিং তিন সুইপারকে গ্রেফতার করেছেন।
রোববার (৭ জুন) রাতে নাটোর সদর হাসপাতালের ৬ষ্ঠ তলার সিঁড়ি ঘরে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই নারীর বাবা বাদী হয়ে মঙ্গলবার (৯ জুন) একটি মামলা দায়ের করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন নাটোর আধুনিক সদর হাসপাতালের আউটসোর্সিং সুইপার অমিত (২৩), অনিল (২৪) ও প্রাঙ্গণ (২৩)।
মামলা সূত্রে জানা গেছে, গত ৫ জুন এক মা তার অসুস্থ দুই বছরের মেয়েকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর গত ৭ জুন রাত ১০টার দিকে অভিযুক্ত আসামি অমিত ওষুধ দেওয়ার কথা বলে ওই নারীকে হাসপাতালের ওয়ার্ড থেকে ডেকে নেয়। পরে বিভিন্ন কৌশলে ও নারীকে হাসপাতালের ৬ষ্ঠ তলার সিঁড়ি ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় অমিতের দুই সহযোগী ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও দেখিয়ে ওই নারীকে তাদের সঙ্গে শারীরিক সম্পর্কের জন্য ভয়ভীতি ও হুমকি দেয়। এসময় ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুটি তার মাকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করেন। এতে ওয়ার্ডে দায়িত্বরত নার্সরা নারীর খোঁজ শুরু করেন। খোঁজ না পেয়ে হাসপাতালের সিসিটিভির ফুটেজ পরীক্ষায় ৬ষ্ঠ তলায় ওই নারীর অবস্থান শনাক্ত করেন। হাসপাতাল কর্তৃপক্ষ ৬ষ্ঠ তলায় গিয়ে হাতেনাতে তাদের ধরেন এবং ওই নারীকে উদ্ধার করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরই তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত কাজ শেষে আদালতে পাঠানো হবে।
প্রতিনিধি/এসএস