জেলা প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ০১:৩৭ পিএম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে আব্দুল খালেক(৩০) নামে এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সকালে ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক কক্সবাজারের উখিয়া উপজেলা কুতুপালং ক্যাম্প-১ (ব্লক-সি) এলাকার বাসিন্দা মো. আনুর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিওপির আওতাধীন সীমান্ত পিলার-৪০ এর পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৭০০ গজ দূরে শাহ আলমের বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন আব্দুল খালেক। এ সময় হঠাৎ একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পায়ে গুরুতর আঘাত লাগে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে সিএনজিযোগে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঢাকা মেইলকে বলেন, ঘুমধুম ইউনিয়নের সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে আহত এক রোহিঙ্গা শ্রমিককে তার সহকর্মীরা উখিয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ২৪ মে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শুন্যরেখা এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হন। এছাড়া ২ জুন ঘুমধুম ইউনিয়নের সীমান্ত এলাকায় মর্টারশেল বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয়েছিল। সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।
প্রতিনিধি/ এজে