images

সারাদেশ

নোয়াখালীতে যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

জেলা প্রতিনিধি

০৯ জুন ২০২৬, ১০:৫৪ এএম

নোয়াখালীর বেগমগঞ্জে ফারুক হোসেন নামে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ২৭ বছর বয়সী ওই যুবক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এই ঘটনা ঘটে। আহত ফারুক হোসেন হাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী ‘কালামিয়ার দোকান’ নামক স্থানে রাস্তার পাশে অবস্থান করছিলেন ফারুক। এ সময় একটি অটোরিকশায় করে আসা তিন থেকে চারজন দুর্বৃত্ত ফারুককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ফারুক। ঘটনার পরপরই দুর্বৃত্তরা অটোরিকশা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন গিয়ে ফারুককে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি। ফারুকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

জানতে চাইলে বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। ফারুকের সঙ্গে কথা বললে পুরো বিষয়টি জানা যাবে।’

প্রতিনিধি/এমআর