জেলা প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ১০:৩৫ এএম
যশোরের শার্শা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ও বিডিনিউজের বেনাপোল প্রতিনিধি আসাদুজ্জামান আসাদকে গ্রেফতারের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
তার মুক্তির দাবিতে সোমবার (৮ জুন) শার্শা থানায় প্রতিবাদ জানান বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
জানা গেছে, সম্প্রতি দায়ের হওয়া একটি নাশকতা মামলায় রোববার (৭ জুন) রাতে উপজেলার জামতলা এলাকায় নিজ বাড়ি থেকে আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করে পুলিশ। খবর ছড়িয়ে পড়লে সোমবার সকাল থেকেই শার্শা থানায় জড়ো হন স্থানীয় সাংবাদিকরা।
এসময় তারা একজন কর্মরত সাংবাদিককে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত মুক্তির দাবি জানান। পাশাপাশি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
পরিস্থিতি সামাল দিতে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফ হোসেন শার্শা থানায় উপস্থিত হয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন।
বেনাপোল বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার আজিজুল হক বলেন, সাংবাদিকের হাতে হাতকড়া—এ দৃশ্য অত্যন্ত বেদনাদায়ক। সমাজের অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরতে যারা কলম ধরেন, তাদের হাতে হাতকড়া পরানো সাংবাদিক সমাজের জন্য যেমন দুঃখজনক, তেমনি রাষ্ট্রের জন্যও প্রশ্নের জন্ম দেয়।
জবাবে এএসপি আরিফ হোসেন বলেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হবে। সাংবাদিক আসাদের মুক্তির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
সোমবার দুপুরে আসাদুজ্জামান আসাদকে আদালতে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আদালতে নেওয়ার সময় অন্য আসামিদের সঙ্গে তার হাতেও হাতকড়া পরানো ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে আরও আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সাংবাদিক আসাদের গ্রেফতার ও আদালতে নেওয়ার সময় হাতকড়া পরানোর ঘটনায় শার্শার সাংবাদিক সমাজে উদ্বেগ ও ক্ষোভ অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/টিবি