images

সারাদেশ

শহরের যানজট ও বিশৃঙ্খলা কমাতে টার্মিনাল হবে শহরের বাইরে: টুকু

জেলা প্রতিনিধি

২৭ মে ২০২৬, ০৪:১৭ পিএম

গত ১৭ বছর সিরাজগঞ্জে কোনো আইন-কানুন ছিলে না। যেখানে সেখানে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করত। কিন্তু দেখার কেউ ছিল না। এজন্য এবার সিরাজগঞ্জ শহরকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও আধুনিক নগরীতে রূপ দিতে বাস ও ট্রাক স্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বুধবার (২৭ মে) দুপুরে সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর এলাকায় অবস্থিত মির্জা মুরাদ্দুজামান বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী টুকু বলেন, বর্তমানে শহরের বিভিন্ন সড়কে যেখানে-সেখানে বাস ও ট্রাক থামিয়ে যাত্রী ওঠানামা করানো এবং মালামাল লোড-আনলোড করা হচ্ছে। এতে শহরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি যানজট ও জনদুর্ভোগও বাড়ছে।

ec9a7358-a292-438e-a7ab-1cc55b85905f

তিনি বলেন, আমি সিরাজগঞ্জ শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে চাই। এজন্য বাস ও ট্রাকস্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তরের বিষয়ে কাজ করছি। যাত্রীরা নির্ধারিত টার্মিনাল থেকে গাড়িতে উঠে নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন। এতে শহরের ভেতরে যানবাহনের চাপ কমবে এবং নগর পরিবেশ আরও সুশৃঙ্খল হবে।

মন্ত্রী আরও বলেন, বাস ও ট্রাক স্ট্যান্ড শহরের বাইরে চলে গেলে শহর পরিচ্ছন্ন থাকবে, যানজট কমবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে চলাচল করতে পারবেন। আমরা একটি আধুনিক ও বাসযোগ্য সিরাজগঞ্জ গড়ে তুলতে কাজ করছি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ আব্দুল কাদের শেখ, নাজমুল ইসলাম তালুকদার রানা, জেলা বাস মালিক সমিতির সভাপতি মেজবাহুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা ট্রাক ও ট্যাংলরি মালিক গ্রুপের সভাপতি মুন্সি জাহিদুল ইসলাম এবং পৌরসভার প্রশাসক শাহাদত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রতিনিধি/এসএস