images

সারাদেশ

মিরসরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে বৃদ্ধের প্রাণহানি, হাসপাতালে ৩

উপজেলা প্রতিনিধি

২৫ মে ২০২৬, ০১:০৫ এএম

মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে মো. আলী হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী। রোববার (২৪ মে) বিকেলে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মঘাদিয়া মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— বাগেরহাট সদরের মো. ফরহাদ হোসেনের ছেলে মো. ইনজামুল হোসেন (৩২), মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার মো. মাঈনুদ্দীনের ছেলে মো. শাহীন (২৬) এবং উপজেলার জোরারগঞ্জের পশ্চিম সোনাপাহাড় এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল নাজমুল (১৯)।

এক বছরে সড়ক দুর্ঘটনায় ১৮ হাজার ৪৬ কোটি টাকার ক্ষতি 

যেসব কারণে সড়কে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সিএনজিচালিত অটোরিকশা অর্থনৈতিক অঞ্চল থেকে যাত্রী নিয়ে বের হচ্ছিল। এ সময় সামনে থাকা একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক বৃদ্ধ নিহত হন এবং আরও তিনজন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ দুর্ঘটনায় নিহত ও আহত হওয়ার ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। দুর্ঘটনা কবলিত গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।