images

সারাদেশ

গাজীপুরে হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৪ মে ২০২৬, ০৯:০৮ পিএম

গাজীপুরে হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন হামের উপসর্গের রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ৪৭ জন।

শনিবার (২৩ মে) দিবাগত রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এক বছর বয়সি শিশু মো. আব্দুল্লাহ মারা যায়। সে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার বাসিন্দা ঝরনা আক্তারের ছেলে। এর আগে জেলায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম জানান, হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত এই হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে গাজীপুরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা কখনো কমছে, আবার কখনো বাড়ছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। অনেকে জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া এবং শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। এ অবস্থায় শনিবার (২৩ মে) সকাল থেকে রোববার (২৪ মে) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত পরীক্ষায় হামের উপস্থিতি শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ২০৪ জন। তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৪৭ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে। এখনো পর্যন্ত গাজীপুরে ৯৩৮ জন হামের উপসর্গের রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছে ৮৮৮ জন।

প্রতিনিধি/এসএস