images

সারাদেশ

লামায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চালক নিহত

জেলা প্রতিনিধি

২৪ মে ২০২৬, ০৯:০৪ পিএম

বান্দরবানের লামায় যাত্রীবাহী সিএনজিচালিত অটো নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক জামাল হোসেন (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ যাত্রী।

রোববার (২৪ মে) বিকালে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা বদুঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন পাশের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহমুরাবাদ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার জিদ্দাবাজার থেকে রোববার বিকেল তিনটার দিকে যাত্রী বোঝাই করে একটি সিএনজি লামা উপজেলার উদ্দেশে যাচ্ছিল। বেপরোয়া গতিতে সিএনজিটি সড়কের ইয়াংছা বদুরঝিরি এলাকার জীনামেজু অনাথ আশ্রম গেটের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে চালক জামাল হোসেনসহ ৫ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক চালক জামাল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস