জেলা প্রতিনিধি
২৪ মে ২০২৬, ০৮:১১ পিএম
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোলার নৌপথে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কোস্টগার্ড দক্ষিণ জোন। অতিরিক্ত যাত্রী বহন, ঝুঁকিপূর্ণ ট্রলার চলাচল ও দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ টহলসহ নানা কার্যক্রম পরিচালনা করছেন তারা।
রোববার (২৪ মে) সকালে ভোলার ইলিশা লঞ্চঘাটে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে ভোলার ইলিশা, খেয়াঘাট, ভেদুরিয়াসহ কোস্টগার্ড দক্ষিণ জোনের আওতাধীন এলাকার বাড়ি ফেরা মানুষদের নৌপথে অতিরিক্ত যাত্রী বহনজনিত দুর্ঘটনা প্রতিরোধ, যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিশেষ টহল ও জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন থেকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও নৌযানে যাত্রীদের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নৌ-পথে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিএ কর্তৃক লঞ্চঘাটের নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোনো মাধ্যমে খেয়া পারাপারের ছোট বোট বা ট্রলারযোগে যাত্রী ওঠানামা প্রতিরোধে বিশেষ নজরদারি করবে কোস্টগার্ড। পাশাপাশি যেকোনো প্রয়োজনে কোস্টগার্ডের জাতীয় জরুরি সেবা নম্বরে যাত্রীদের যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও জনগণের কল্যাণে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তিনি।
প্রতিনিধি/এসএস