জেলা প্রতিনিধি
২৪ মে ২০২৬, ০৩:২৯ পিএম
ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষে মাহাবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরের দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মাহাবুল হোসেন সাহাপুর পূর্বপাড়া মৃত আজু প্রামাণিকের ছেলে এবং আটক প্রতিবেশী আবুল বাশার মুনশি।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে মাহাবুলের একটি ছাগল প্রতিবেশী আবুল বাশার মুনশির সজনে গাছের পাতা খেয়েছিল। বিষয়টি নিয়ে আজ বেলা ১২টার দিকে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে মাহাবুল গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মাহাবুলের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় জড়িত সন্দেহ আবুল বাশার মুনশিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস