জেলা প্রতিনিধি
২৪ মে ২০২৬, ১২:০০ পিএম
খুলনায় মসজিদের বারান্দা থেকে ডালিম গাজি (৪১) নামে একজন দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৪ মে) ভোর সাড়ে ৫টায় নগরীর হরিনটানা থানাধীন কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন মসজিদের বারান্দায় লাশ পাওয়া যায়।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন ঘটনা নিশ্চিত করেছেন।
ডালিম গাজি খুলনার কয়রার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজি ও ভানু বিবির সন্তান। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
স্থানীয়রা জানান, খুলনা শহর সংলগ্ন কৈয়া বাজার জয়খালী ব্রিজ এলাকায় বাইতুল মা'মুর জামে মসজিদের বারান্দায় ভোরে নামাজে আসলে মুসল্লিরা মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তারা থানায় ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। নিহতের মাথায় ইটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পাশে রক্তাক্ত ইট পাওয়া গেছে। কে বা কারা মেরেছে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
হরিণটানা থানার ওসি হেলাল উদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। আশপাশের সিসি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।
প্রতিনিধি/টিবি