images

সারাদেশ

ইয়াবাসহ গ্রেফতারের পর খালিয়াজুরীর যুবদল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি

২৪ মে ২০২৬, ০৯:৩৪ এএম

ইয়াবাসহ গ্রেফতারের পর নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. উজ্জ্বল মিয়াকে (৪৪) বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৩ মে) উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক ছোটন ও সদস্য সচিব মো. রাজিব হোসেন পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় দলীয় পদ থেকে বহিষ্কার করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

উজ্জ্বল মিয়া খালিয়াজুরী উপজেলার গচিখাই গ্রামের মৃত চিনা মিয়ার ছেলে। তিনি খালিয়াজুরী সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক ছোটন এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদকসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে উপজেলার চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামে অভিযান চালায় লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। এ সময় ২৫ পিস ইয়াবাসহ উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করা হয়। আক শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

প্রতিনিধি/টিবি