নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২৬, ০৭:২৬ এএম
নিখোঁজের দুই দিন পর চট্টগ্রামে একটি বহুতল ভবনের লিফটের গর্ত থেকে মাশফিক মাহমুদ খান (৩৮) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের ডবলমুরিং থানাধীন পাঠানটুলি এলাকার ‘খানবাড়ি’ নামের ওই ভবনের লিফটের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাশফিক ওই ভবনেরই বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) রাত ১১টার দিকে মাশফিক নিজের ঘর থেকে বের হন। রাত ২টার দিকে তাকে ভবনের লিফটে উঠতে দেখা গিয়েছিল। ওই সময় লিফট থেকে একটি চিৎকারের শব্দও শোনা যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ দুপুরে স্থানীয় লোকজন ভবনের লিফটের নিচে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৩ তলা ওই ভবনের লিফটের গর্তে পড়ে মাশফিকের মৃত্যু হয়েছে। তবে এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন
ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লিফটে কোনো কারিগরি ত্রুটি ছিল কি না, কিংবা অন্য কোনো ঘটনা ঘটেছে কি না—সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/টিবি