জেলা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২১ পিএম
নরসিংদীর শিবপুরে ব্রিজের নিচ থেকে কবির হোসেন (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে শিবপুর থানা পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টায় শিবপুর-জাল্লারা সড়কের ধনাইয়া নতুন ব্রিজের নিচ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন্
কবির হোসেন জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শিবপুর জনতা ব্যাংক মার্কেটে কাপড়ের ব্যবসা করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কবির হোসেন বাড়িতে না যাওয়ায় রাতেই তার পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হয়। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে রাতের কোনো এক সময় হত্যা করে ব্রিজের নিচে ফেলে রাখে। বুধবার সকালে স্থানীয় লোকজন রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি