images

সারাদেশ

নিখোঁজের তিন দিন পর ধানক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ

জেলা প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৫ এএম

লক্ষ্মীপুরে নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে মো. পারভেজ নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড) পূর্ব চররুহিতা গ্রামের খলিফা-গো বাড়ির পাশের একটি ইরি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পারভেজ ৩১ জানুয়ারি রাত থেকে নিখোঁজ ছিলেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

পারভেজ একই উপজেলার শাকচর ইউনিয়নের (২ নম্বর ওয়ার্ডের) মৃত আব্দুল্লাহ খোকনের ছেলে ও পেশায় ব্যবসায়ী ছিলেন। তার ৬ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, ৩১ জানুয়ারি রাতে শাকচর জব্বার মাস্টার হাটের ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারভেজ তার মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে বের হন। রাতে বাড়ির সামনে মোটরসাইকেলটি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় পরদিন তার ভাই মো. ফয়েজ সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে একটি ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পারভেজের স্বজনরা মরদেহ শনাক্ত করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি