বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

সার-বীজের দাম বাড়াবে না সরকার: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৫ পিএম

শেয়ার করুন:

সার-বীজের দাম বাড়াবে না সরকার: কৃষিমন্ত্রী

কৃষি উৎপাদনের ধারা অব্যাহত রাখতে সরকার সার, বীজসহ কৃষি উপকরণের দাম বাড়াবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বর্তমান সরকারের পলিসি হলো যেকোনো মূল্যে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা টেকসই করা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সাভারের ব্র্যাক সিডিএম মিলনায়তনে সার্কভুক্ত দেশসমূহে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ এগ্রিকালচারাল এক্সটেনশন নেটওয়ার্ক (বায়েন) ও ভারতের পার্টিসিপেটরি রুরাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সোসাইটি (প্রাডিস) যৌথভাবে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, আমনের বাম্পার ফলন হয়েছে। রেকর্ড পরিমাণ খাদ্য মজুদ আছে। দেশে দুর্ভিক্ষ হবে না।

ফসলের গবেষণা ও সম্প্রসারণের মধ্যে বিরাট গ্যাপ রয়েছে উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, গবেষক বা বিজ্ঞানীর উদ্ভাবিত জাত যেটি গবেষণা পর্যায়ে প্রতি বিঘায় ৮ মণ উৎপাদন হয়, সেটি সম্প্রসারণের পর কৃষক পর্যায়ে দেখা যায় উৎপাদন হয় বিঘাতে ৩ থেকে ৪ মণ। এই বিশাল গ্যাপ কমিয়ে আনতে হবে।

কৃষিমন্ত্রী বলেন, আমাদের বিজ্ঞানীদের উদ্ভাবিত ফসলের মধ্যে লবণসহিষ্ণু জাতও রয়েছে। কিন্তু এগুলো মাঠে কৃষকের কাছে যেতে সময় নিচ্ছে বেশি। এই দেরির কারণ খুঁজে বের করতে হবে।

আব্দুর রাজ্জাক আরও জানান, দীর্ঘদিন ধরে আমরা খাদ্য ঘাটতিতে ভুগেছি, অন্তত ২০০৮ সাল পর্যন্ত এ দেশের মঙ্গা ছিল, দুর্ভিক্ষও দেখা দিত, অনেক কৃষক খুবই গরিব ছিল, তারা ছিল স্বাস্থ্যহীন। কিন্তু বর্তমান সরকার কৃষিক্ষেত্রে অব্যাহত সহায়তা ও দূরদর্শী পরিকল্পনা নেওয়ার ফলে এখন দেশে খাদ্যের কোনো অভাব নেই, কেউ এখন না খেয়ে মরে না। প্রধান খাদ্যশস্য ধান উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। মাত্র কয়েক বছরের মধ্যে আমরা ৩০ লক্ষ টন থেকে ২ কোটি ২০ লক্ষ টন শাকসবজি উৎপাদন করতে সক্ষম হয়েছি। ভুট্টার বর্তমান উৎপাদন প্রায় ৬০ লক্ষ টন ও আলু প্রায় ১ কোটি টন।

অনুষ্ঠানে প্রাডিসের সিনিয়র এডভাইজর ভিভি সাডামাতে, খাদ্য ও কৃষি সংস্থার বিশেষ প্রতিনিধি দানিয়েল গুস্তাফসন, বাংলাদেশ প্রতিনিধি রবার্ট সিম্পসন, বায়েনের সভাপতি হামিদুর রহমান, সাধারণ সম্পাদক সেকান্দর আলী, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।

কৃষি সম্প্রসারণ কর্মীদের তিন দিনব্যাপী এই সম্মেলনে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও বাংলাদেশের ৩৫০ জন প্রতিনিধি অংশ নেয়।

ডব্লিউএইচ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর